ডুলুং নদী থেকে অবৈধ বালি পাচারের অভিযোগে ট্রাক্টর চালক গ্রেফতার, বাজেয়াপ্ত বালি বোঝাই ট্রাক্টর
ঝাড়গ্রাম: রাজ্য জুড়ে অবৈধ বালি উত্তোলন ও পাচারের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের মধ্যেই ঝাড়গ্রাম জেলায় বড়সড় সাফল্য পেল বেলিয়াবেড়া থানার পুলিশ। ডুলুং নদী থেকে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে এক ট্রাক্টর চালককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বালি বোঝাই একটি ট্রাক্টর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ ব্লকের ভান্ডারডিহা এলাকায় ডুলুং নদী থেকে অবৈধভাবে বালি তোলা ও পাচারের খবর পেয়ে বেলিয়াবেড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিলু মণ্ডলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সময় বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করে পুলিশ। তদন্তে জানা যায়, ট্রাক্টরটিতে বহন করা বালির জন্য কোনও বৈধ নথি বা বালি উত্তোলনের অনুমতিপত্র (সিও) চালকের কাছে ছিল না। এরপরই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করা হয় এবং চালককে গ্রেফতার করা হয়।
ধৃতের নাম উজ্জ্বল দণ্ডপাট (৪৮)। তাঁর বাড়ি বেলিয়াবেড়া থানার অন্তর্গত রামপুরা গ্রামে। অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার ধৃতকে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হলে মামলার শুনানি শেষে আদালত জামিনের শর্তে তাঁকে মুক্তি দেন।
প্রশাসন সূত্রে খবর, অবৈধ বালি উত্তোলন ও পাচার রুখতে আগামী দিনেও জেলার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের দাবি, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালি ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।