ঝাড়গ্রামের কলাইকুন্ডায় হাতির আতঙ্কে অন্ধকার গ্রাম, ‘গ্লো উইথ ফরেস্ট’ প্রকল্পে ৪০টি বাড়িতে আলো বনদপ্তরের

Mar 16, 2026 - 12:47
 0
ঝাড়গ্রামের কলাইকুন্ডায় হাতির আতঙ্কে অন্ধকার গ্রাম, ‘গ্লো উইথ ফরেস্ট’ প্রকল্পে ৪০টি বাড়িতে আলো বনদপ্তরের

ঝাড়গ্রাম জেলার কলাইকুন্ডা রেঞ্জের বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরেই হাতির আনাগোনা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাতের অন্ধকার নামলেই আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয় বাসিন্দাদের। সেই সমস্যার কথা মাথায় রেখেই এবার মানুষের পাশে দাঁড়িয়েছে বনদপ্তর। ‘গ্লো উইথ ফরেস্ট’ প্রকল্পের মাধ্যমে হাতির চলাচল বেশি এমন এলাকায় প্রায় ৪০টি বাড়িতে বিনামূল্যে এলইডি লাইট লাগিয়ে দেওয়া হয়েছে।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কলাইকুন্ডা রেঞ্জের বারডাঙ্গা, হরিয়াধরা, শংকরবনী, নিশ্চিন্তা, পতনা, ভালকিশোল, হাড়িভাঙ্গা ও বালিভাষা সহ প্রায় আটটি গ্রামের এমন বাড়িগুলি বেছে নেওয়া হয়েছে, যেগুলি হাতির যাতায়াতের রাস্তার ধারে অবস্থিত। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

প্রতিটি বাড়িতে এলইডি লাইটের পাশাপাশি ইলেকট্রিক তার, সুইচবোর্ড, অ্যাঙ্গেল ও লাইট হোল্ডার সহ সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়েছে। বনদপ্তরের উদ্যোগে বাড়ির বাইরে আলো জ্বলে ওঠায় স্বস্তি ফিরেছে গ্রামবাসীদের মধ্যে।

স্থানীয় বাসিন্দাদের কথায়, আগে রাত নামলেই অন্ধকারে বাড়ির বাইরে বের হতে ভয় লাগত। হাতির আতঙ্কে অনেক সময় জরুরি প্রয়োজনে বাইরে যাওয়াও কঠিন হয়ে পড়ত। এখন বাড়ির সামনে আলো জ্বলে থাকায় কিছুটা হলেও নিরাপত্তা বোধ করছেন তারা।

বনদপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের আশা, ভবিষ্যতেও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হাতি-মানুষ সংঘাত কমাতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো হবে।