কমনওয়েলথ শুরুর আগেই পদক নিশ্চিত লভলিনার

Jul 24, 2026 - 12:54
 3
কমনওয়েলথ শুরুর আগেই পদক নিশ্চিত লভলিনার

গ্লাসগো কমনওয়েলথ গেমসে উদ্বোধনী অনুষ্ঠানের আগেই ভারতের ঝুলিতে প্রথম পদক। মহিলা বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে সেমিফাইনালে সরাসরি জায়গা পেয়ে গেলেন লভলিনা বরগোহাঁই।ড্রয়ে ‘বাই’ পাওয়ায় তাঁকে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে না। ফলে সরাসরি শেষ চারে চলে গিয়েছেন লভলিনা। কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে দুই সেমিফাইনালে পরাজিত বক্সার ব্রোঞ্জ পদক পান। ফলে রিংয়ে নামার আগেই লভলিনার পদক নিশ্চিত হয়ে গিয়েছে। ৩১ জুলাই সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ টিকেবিপি তাফাকি। সেই ম্যাচে জিততে পারলেই সোনার পদকের লড়াইয়ে নামবেন ভারতীয় তারকা বক্সার।গেমস শুরুর আগেই লভলিনার পদক জয়ের খবর নিশ্চিতভাবেই ভারতের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। বার্মিংহামে ২২টি সোনা-সহ মোট ৬১টি পদক জিতে চতুর্থ হয়েছিল ভারত। এবার ১২৬ সদস্যের দল নিয়ে গ্লাসগোয় নামছে তারা। দলে রয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া, রুপোজয়ী মীরাবাই চানু, ব্রোঞ্জজয়ী লভলিনা বরগোঁহাই, মুরলী শ্রীশঙ্কর, অনিমেষ কুজুর, গুরবিন্দর সিং, তেজস্বীন শঙ্কর, তেজিন্দর পাল সিং তুর, পারুল চৌধুরীর মতো একঝাঁক তারকা। বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক ও প্রতিষ্ঠা সামন্তও পদকের দৌড়ে রয়েছেন।এবার গেমসে ইভেন্টের সংখ্যা কম থাকায় ভারতের মোট পদকের সংখ্যা আগের তুলনায় কম হতে পারে। এবারের গেমস হচ্ছে অনেকটাই ছোট পরিসরে। বার্মিংহামে যেখানে ১৯টি খেলা ছিল। সেখানে গ্লাসগোয় থাকছে মাত্র ১০টি। শুটিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট ও হকির মতো খেলা না থাকায় পদক সংখ্যা কমার আশঙ্কা রয়েছে। যদিও সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে ভারতীয় শিবির। ভারতের শেফ দ্য মিশন রোহিত রাজপালের দাবি, “ইভেন্ট কমলেও এবার আমাদের দলে তারকার সংখ্যা অনেক বেশি। তাই পদকের সংখ্যাও কমবে না।” অ্যাথলেটিক্স, বক্সিং, ভারোত্তোলন, জুডো, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, ট্র্যাক সাইক্লিং, লন বোলস ও সাঁতার-সহ একাধিক খেলায় পদকের আশা করছে ভারত। পাশাপাশি পাঁচটি প্যারা বিভাগেও অংশ নেবে ভারতীয় দল।