ইলেকট্রিক গাড়িতে দূষণ সার্টিফিকেট!পুলিশের কাণ্ডে তোলপাড়
রাজস্থানের নাগৌরে ঘটল এক চমকপ্রদ ঘটনা, যা ঘিরে এখন সোশ্যাল মিডিয়ায় হাসির রোলের পাশাপাশি ক্ষোভও ছড়িয়েছে। একটি ইলেকট্রিক গাড়ির মালিককে ‘দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র’ না থাকার অভিযোগে জরিমানা করল পুলিশ— যা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
গাড়ির মালিক বারবার বোঝানোর চেষ্টা করেন যে, এটি একটি ইলেকট্রিক গাড়ি— এর কোনও সাইলেন্সার পাইপ নেই, ফলে ধোঁয়া নির্গমনের প্রশ্নই ওঠে না। কিন্তু অভিযোগ, ওই পুলিশ অফিসার তর্কে না গিয়েই ১৫০০ টাকার চালান কেটে দেন। যে গাড়ি সম্পূর্ণ ব্যাটারিতে চলে, সেখান থেকে ধোঁয়া বেরোনোর সুযোগই নেই— অথচ সেই গাড়ির কাছেই চাওয়া হয় পিইউসি সার্টিফিকেট!
জানা গেছে, নাগৌরে ট্রাফিক তল্লাশির সময় এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) একটি টাটা টিয়াগো ইভি গাড়িকে আটকান। প্রথমে গাড়ির উইন্ডশিল্ডে লাগানো সানশেড বা কালো পর্দা নিয়ে আপত্তি তোলা হয়। সেই কারণে ২০০ টাকা জরিমানা করা পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল।
কিন্তু এরপরই পরিস্থিতি ঘোরে অন্যদিকে। অভিযোগ, ওই পুলিশ অফিসার জোর করে দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র দেখতে চান। অথচ নিয়ম অনুযায়ী ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে এই সার্টিফিকেটের প্রয়োজনই নেই।
ঘটনার ভিডিও সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, আইন রক্ষাকারীরাই যদি নিয়ম সম্পর্কে অজ্ঞ থাকেন, তাহলে সাধারণ মানুষ কীভাবে ন্যায়বিচার পাবেন?