'আমার কাছে সব ম্যাচই ডার্বি’, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে বললেন মোহনবাগানের নতুন কোচ

Jul 25, 2026 - 14:35
 3
'আমার কাছে সব ম্যাচই ডার্বি’, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে বললেন মোহনবাগানের নতুন কোচ

দু’বছর পঞ্জাব এফসি-তে কোচিং করিয়ে নজর কেড়েছিলেন। প্রথম বার ভারতের একটি বড় ক্লাবে কোচিং করাতে এসেছেন। প্রথম ম্যাচই কলকাতা ডার্বি। তবু ঘাবড়াচ্ছেন না মোহনবাগানের কোচ পানাজিয়োটিস দিমপেরিস। তাঁর কাছে সব ম্যাচই ডার্বি। দিমপেরিস স্পষ্ট জানিয়েছেন, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জেতার জন্যই নামবেন।সাংবাদিক বৈঠকে দিমপেরিস বলেছেন, “ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি দিয়ে অভিযান শুরু করব, এটা ভেবেই আমি উত্তেজিত। এই জন্যই তো ফুটবল খেলাটার এত মজা। ডার্বি ছাড়া ফুটবল হয় নাকি? মোহনবাগানের সমর্থক, ইতিহাস, প্রত্যাশা— সবই আমার কাছে বিরাট অনুপ্রেরণা। কলকাতায় আসার পর থেকে এই ম্যাচের কথা শুনে যাচ্ছি। আর কোনও কথাই আমার মাথায় ঢুকছে না।” তিনি স্পষ্ট বলেছেন, আলাদা করে ডার্বি নিয়ে ভাবছেন না। তাঁর কাছে সব ম্যাচই ডার্বি। দিমপেরিসের কথায়, “আমি রাজনীতি পছন্দ করি না। আমার কাছে সব ম্যাচই ডার্বি। আগের রাতে যে ভাবে ঘুমিয়েছিলাম, পরের রাতে সে ভাবে ঘুমাই না। পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে থাকা দলের বিরুদ্ধে খেলি বা সবচেয়ে উপরে থাকা দলের বিরুদ্ধে, আমার দর্শন একই থাকে। জন্ম থেকেই আমার জীবনের সঙ্গে জড়িয়ে ফুটবল। প্রতিটা দিন ডার্বি। প্রতিটা অনুশীলন ডার্বি।” দিমপেরিসের সংযোজন, “আমি জানি এটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডার্বি। তবে আমার কাছে স্রেফ একটা ম্যাচ, যা জিততে হবে। আমি সব ভারতীয় ফুটবলারকে চিনি। দু’বছর ভারতে আছি। আমাদের দলে ভারতের সেরা দেশীয় ফুটবলারেরা রয়েছে। বিদেশিরাও খুব ভাল। তাই আমি আত্মবিশ্বাসী।” গ্রিক কোচ জানিয়েছেন, একার দক্ষতায় এই ম্যাচ জেতা সম্ভব নয়। তাই গোটা দলের থেকে ভাল ফুটবল আশা করছেন তিনি। তবে এটাও বুঝে নিয়েছেন, প্রস্তুতি ছাড়া এমন ম্যাচে ভাল খেলা সম্ভব নয়। তবু সেরা ফুটবল উপহার দেওয়ার আশা করছেন তিনি। দিমপেরিস বলেছেন, “ফুটবল হল ১১ বনাম ১১-র খেলা। আসার দিন থেকে ফুটবলারদের সঙ্গে কঠোর পরিশ্রম করছি। আর কিছু আমার মাথায় নেই। অনেক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে। ফুটবলারেরা পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত নয়। এ ছাড়াও আরও অনেক কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে কাল গুরুত্বপূর্ণ ম্যাচ। নিজেদের ১০০ শতাংশ দিয়ে ম্যাচটা খেলতে হবে।” দিমপেরিসের সংযোজন, “আমি খেলোয়াড়দের সকলকে দেখে নিয়েছি। এটা ভেবে খুশি যে প্রত্যেকে পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে। এখনও কিছু বিষয়ের উন্নতির কাজ চলছে। কিছু বিষয় ওদের বলতে হবে। আশা করি কাল এমন একটা দল দেখতে পাবেন যারা ভাল ফুটবল খেলবে, বল নিয়ন্ত্রণে রাখবে এবং ম্যাচটা জিতবে।”