অসমের বন্যায় মৃত্যু বেড়ে ৭৮! গৃহহীন ১৬ হাজারেরও বেশি, ভারী বৃষ্টির সতর্কতা
বন্যার জল নামতে শুরু করলেও এখনও আশঙ্কা কাটেনি অসমে। মৌসম ভবন জানিয়েছে, আগামী দুই দিন রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে বন্যার জল যে সব অঞ্চলে নেমেছে সেই জায়গায় আবার নতুন করে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার তিন জনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮।রাজ্য প্রশাসন জানিয়েছে, বুধবার শিবসাগর জেলায় দু’জন এবং গোলাঘাটে এক জনের মৃত্যু হয়েছে। রাজ্যের সাতটি জেলা এখনও বন্যাকবলিত। তিন লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। সাড়ে ৫০০ গ্রাম জলের নীচে। ২১ হাজার ৫২৩ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তবে মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন দিন অসম, অরুণাচল, নাগাল্যান্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। মৌসম ভবনের এই পূর্বাভাসেই আতঙ্ক বাড়ছে বন্যাকবলিত অসমের জেলাগুলিতে। রাজ্যের তিনসুকিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়াও নাগাল্যান্ডের মোন, মোকোকুচুং এবং বোখা জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। যার প্রভাব পড়শি দেশ অসমেও পড়বে।বন্যার সেই দুর্দশা এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেক এলাকাই। তার মধ্যে নতুন করে বৃষ্টির ভ্রুকুটিতে আতঙ্কের প্রহর গুনছেন বাসিন্দারা। এখনও জল পুরোপুরি নামেনি। যে সব এলাকায় জল নেমেছে, সেই এলাকাগুলিতে বাড়ি ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। তবে স্থানীয়দের দাবি, বসবাস করার মতো পরিস্থিতি নেই। রাজ্যের চরাইদেও জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে ১ লক্ষ ৩০ হাজার মানুষ বন্যাকবলিত।