১৫ জুলাই জাতীয় ফুটবল দল দিবস ঘোষণা করল আর্জেন্টিনা
১৫ জুলাইকে জাতীয় ফুটবল দল দিবস হিসাবে ঘোষণা করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।এখনও পর্যন্ত তিন বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অথচ বিশ্বজয়ের তিনটি দিনের একটিকেও জাতীয় ফুটবল দল দিবস হিসাবে বেছে নেওয়া হয়নি। তাতে প্রথমে কিছুটা বিস্ময় তৈরি হয়। আসলে ইংল্যান্ডকে খোঁচা দিতেই আর্জেন্টিনার ফুটবল কর্তারা বেছে নিয়েছেন ১৫ জুলাই দিনটিকে। গত বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ছিল ১৫ জুলাই। ওই ম্যাচে পিছিয়ে পড়েও লিয়োনেল মেসিরা ২-১ গোলে জিতে ফাইনালে উঠেছিলেন। হ্যারি কেনদের বিরুদ্ধে সেই জয়কে স্মরণীয় করে রাখতেই ১৫ জুলাইকে জাতীয় ফুটবল দল দিবস হিসাবে বেছে নিয়েছে এএফএ।বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দ্বীপ নিয়ে রাজনৈতিক বার্তা দিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলারেরাও। ইংল্যান্ডকে হারিয়ে মাঠেই একটি ব্যানার তুলে ধরেন আর্জেন্টিনার ফুটবলারেরা। তাতে লেখা ছিল, ‘ফকল্যান্ড আমাদেরই।’ ফকল্যান্ড দ্বীপ ঘিরে ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াইয়ের ইতিহাস সকলেরই জানা। সেই স্মৃতিই উস্কে দেন আর্জেন্টিনার ফুটবলারেরা।ফুটবল মাঠেও আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই নতুন নয়। ১৯৮৬ সালের বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দু’দল। সেই ম্যাচেই মারাদোনা ‘হ্যান্ড অফ গড’ এবং শতাব্দীর সেরা গোল দু’টিই করেছিলেন। ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সে বার বিশ্বজয়ী হয়েছিল তারা। ১৯৯৮ সালের বিশ্বকাপে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ২০০২ সালে আবার ডেভিড বেকহ্যামের পেনাল্টি থেকে করা গোলে ১-০ জিতেছিল ইংল্যান্ড।