সুপ্রিম কোর্টের নির্দেশও মানা হল না! ভোট দিতে গিয়ে হয়রানি, পরে কমিশনের হস্তক্ষেপে ভোটাধিকার ফিরে পেলেন নন্দলাল বসুর নাতি

Apr 25, 2026 - 13:12
 1
সুপ্রিম কোর্টের নির্দেশও মানা হল না! ভোট দিতে গিয়ে হয়রানি, পরে কমিশনের হস্তক্ষেপে ভোটাধিকার ফিরে পেলেন নন্দলাল বসুর নাতি

সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রথমে ভোট দিতে পারলেন না প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু-র নাতি সুপ্রবুদ্ধ সেন ও তাঁর স্ত্রী দীপা সেন। ভোটকেন্দ্রে গিয়ে চরম হয়রানির শিকার হতে হয় এই প্রবীণ দম্পতিকে।

জানা গিয়েছে, বুথে পৌঁছলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাঁদের জানান, ভোটার তালিকায় নাম নেই। তখন সুপ্রবুদ্ধবাবুরা সুপ্রিম কোর্ট-এর নির্দেশের নথি দেখান। কিন্তু অভিযোগ, সেই নথির মুদ্রিত কপি চাওয়া হয়। প্রিন্ট কপি জমা দেওয়ার পরেও তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি।

বরং সিউড়িতে জেলাশাসকের দফতর থেকে লিখিত অনুমতি আনতে বলা হয়।

বয়সের কারণে বোলপুর থেকে সিউড়ি যাওয়ার ধকল নিতে না পেরে হতাশ হয়ে ভোট না দিয়েই বাড়ি ফিরে যান তাঁরা।

ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতরে খবর পৌঁছনোর পরই দ্রুত মহকুমা শাসকের দফতরে বার্তা পাঠানো হয়। কমিশনের তরফে জানানো হয়, "রিটার্নিং অফিসারের ভুল বোঝাবুঝির কারণেই এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে।"

পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। দম্পতিকে বিকেল ৫টার পর আবার বুথে আসার অনুরোধ জানানো হয় এবং তাঁদের ভোট দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত কমিশনের হস্তক্ষেপে ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন সুপ্রবুদ্ধ সেন ও দীপা সেন।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে বড় প্রশ্ন উঠছে-সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন একজন প্রবীণ দম্পতিকে এমন হয়রানির মুখে পড়তে হল?