সাগরের মহাযুদ্ধে সুমন্তর 'পাওয়ার শো'; কয়েকশো টোটো ও হুডখোলা গাড়িতে গ্রাম দাপালেন বিজেপি প্রার্থী, লড়াই এবার ত্রিমুখী

Apr 20, 2026 - 12:34
 0
সাগরের মহাযুদ্ধে সুমন্তর 'পাওয়ার শো'; কয়েকশো টোটো ও হুডখোলা গাড়িতে গ্রাম দাপালেন বিজেপি প্রার্থী, লড়াই এবার ত্রিমুখী

অমিত মণ্ডল, নামখানা:

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রটি রাজনৈতিক মহলের নজরে রয়েছে। রবিবারের ছুটির দিনে সেই উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিলেন বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল। এদিন নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তে এক বিশাল 'রোড শো'-এর মাধ্যমে কার্যত নিজের শক্তি প্রদর্শন করলেন তিনি। প্রার্থীর সমর্থনে সাধারণ মানুষের উচ্ছ্বাস এবং কর্মী-সমর্থকদের ভিড় বুঝিয়ে দিল, সাগরের মাটি দখল করতে মরিয়া পদ্ম শিবির। রবিবার সকাল ১০টা নাগাদ ফ্রেজারগঞ্জের দোতলা বাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রচার শুরু হয়। সুমন্ত মণ্ডলকে দেখা যায় একটি হুডখোলা

গাড়িতে সওয়ার হয়ে দুপাশে থাকা মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে। তবে এদিনের প্রচারের সবথেকে আকর্ষণীয় দিক ছিল প্রার্থীর গাড়ির পিছনে থাকা মিছিল। শতাধিক সুসজ্জিত টোটো এবং তার সাথে কয়েকশো বাইক নিয়ে বিজেপি কর্মীরা পুরো এলাকা পরিক্রমা করেন। দলীয় পতাকায় মোড়া টোটো নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা ১১৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রথমে বকখালীতে পৌঁছান। শুধু প্রধান সড়ক বা গঞ্জ নয়, সুমন্ত মণ্ডলের আজকের রোড শো-এর বৈশিষ্ট্য ছিল গ্রামের অন্তরে প্রবেশ।

নামখানা ব্লকের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে ঢুকে পড়ে সুমন্তর প্রচার গাড়ি। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিতে এবং তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। সুমন্তর দাবি, "সাগর বিধানসভার মানুষ আর শুধু প্রতিশ্রুতির ওপর ভরসা করতে পারছেন না। তাঁরা পরিবর্তন চাইছেন। নদী ভাঙন থেকে শুরু করে মৎস্যজীবীদের সমস্যা-সব ক্ষেত্রেই বর্তমান বিধায়ক ব্যর্থ।" সাগর বিধানসভায় এবার লড়াই অত্যন্ত

আকর্ষণীয়। একদিকে রয়েছেন অভিজ্ঞ তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। তাঁর প্রধান হাতিয়ার রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলি। অন্যদিকে, সিপিআইএম প্রার্থী স্বপন সিংহ অত্যন্ত নিভৃতে ঘরোয়া সভা ও বাড়ি বাড়ি গিয়ে প্রচারের মাধ্যমে বাম ভোট পুনরুদ্ধারে ব্যস্ত। আর এই দুই শিবিরের মাঝখানে দাঁড়িয়ে সুমন্ত মণ্ডল রবিবার যেভাবে 'রোড শো' ও বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে প্রচার সারলেন, তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কয়েকদিন আগে ফ্রেজারগঞ্জে বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে প্রচার সারেন তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা।।

তৃণমূল প্রার্থী বঙ্কিম হাজরার বর্ণাঢ্য প্রচারের পাল্টা হিসেবেই সুমন্ত মণ্ডলের এই অভিনব রোড শো-এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মিছিল শেষে সুমন্ত মণ্ডল দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে বলেন, "আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে। সাগর এবার ইতিহাস গড়বে।"