শ্রীলঙ্কা সিরিজের আগে গিলের চোট, দলকে সতর্কবার্তা গম্ভীরের

Aug 7, 2026 - 13:08
 6
শ্রীলঙ্কা সিরিজের আগে গিলের চোট, দলকে সতর্কবার্তা গম্ভীরের

অনুশীলনেই চোট পেলেন অধিনায়ক শুভমান গিল। সিরিজের মুখে এমন ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে ভারতীয় শিবিরে।মঙ্গলবার কলম্বোয় পৌঁছয় টিম ইন্ডিয়া। বুধবার প্রথম অনুশীলন সেশনের পর বৃহস্পতিবার পুরোদমে প্রস্তুতিতে নামে ভারতীয় দল। নেটে ব্যাটিংয়ের সময় একটি বল গিয়ে লাগে গিলের বুড়ো আঙুলে। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের শরণাপন্ন হতে হয় তাঁকে। শুশ্রূষার পর অবশ্য আবার ব্যাট হাতে অনুশীলনে ফেরেন ভারত অধিনায়ক। কয়েকদিন আগেই ঘাড়ের সমস্যায় ভুগছিলেন তিনি। তার মধ্যেই নতুন করে আঙুলে চোট পাওয়ায় সতর্ক টিম ম্যানেজমেন্ট। যদিও প্রাথমিকভাবে স্বস্তির খবর, তাঁর চোট গুরুতর নয় বলেই জানা গিয়েছে।ভারতের চোটের তালিকা অবশ্য দীর্ঘই। নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানা আগেই ছিটকে গিয়েছেন। পুরো সিরিজে নেই জশপ্রীত বুমরাহও। ফলে জাতীয় দলের দরজা খুলেছে তরুণ পেসার আকিব নবির সামনে। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া ওয়াশিংটন সুন্দরের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা কম। পায়ের আঙুলের চোট সারিয়ে ওঠার লড়াইয়ে থাকা সাই সুদর্শনও অনিশ্চিত।এই পরিস্থিতিতে দলের উপর বাড়তি চাপ যে রয়েছে, তা ভালোই জানেন কোচ গৌতম গম্ভীর। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যর্থতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কা সফর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রথম টেস্টের আগে ক্রিকেটারদের একটাই বার্তা দিয়েছেন তিনি, যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। অনুশীলন শেষে গম্ভীর বলেন, “আমরা জানি সামনে কী অপেক্ষা করছে। আমরা জানি, কী লক্ষ্য নিয়ে মাঠে নামব। ১৫ তারিখ সকালে ব্যাট করি বা বল, একটাই বিষয় মাথায় রাখতে হবে, যে চ্যালেঞ্জই সামনে আসুক, তার জন্য যেন আমরা প্রস্তুত থাকি। সব প্রশ্নের উত্তর যেন আমাদের কাছে থাকে।”