শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে
রবিবাসরীয় সকালে সঙ্গীত জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে সঙ্গীতের এক স্বর্ণযুগের অবসান ঘটল।
গত ১১ এপ্রিল, শনিবার সন্ধ্যায় বুকে সংক্রমণজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় আশা ভোঁসলেকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন তিনি।
আশা ভোঁসলের মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতমহলে। তাঁর প্রয়াণে গভীরভাবে মর্মাহত বিশিষ্ট শিল্পীরা। শোকপ্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হৈমন্তী শুক্লা ও শুভমিতা বন্দ্যোপাধ্যায়।
হৈমন্তী শুক্লা জানান, “উনি শুধু প্লেব্যাক করতেন না। গানের প্রতিটি শব্দের অর্থ বুঝতে চাইতেন। কোন দৃশ্যে গানটি ব্যবহৃত হবে, তা স্পষ্টভাবে উপলব্ধি করতেন। ফলে তাঁর গলায় গানগুলো যেন জীবন্ত হয়ে উঠত। আমরা সুরের আলোয় ভেসে যেতাম।”
আশা ভোঁসলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, “আমি শোকাহত। প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে রাজত্ব করেছেন তিনি।”
সঙ্গীতপ্রেমীদের কাছে আশা ভোঁসলে শুধু একজন শিল্পী নন, এক অনন্য অধ্যায়। তাঁর অমর সৃষ্টিই তাঁকে চিরকাল বাঁচিয়ে রাখবে মানুষের হৃদয়ে।