শুক্র থেকেই বাড়বে ঝড়-বৃষ্টি, সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
কলকাতা: মার্চ জুড়ে আবহাওয়ার খামখেয়ালিপনার মধ্যেই ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। কখনও তীব্র রোদ, আবার কখনও বৃষ্টি-এই পরিবর্তনের পেছনে মূল কারণ ঘূর্ণাবর্তের প্রভাব বলেই জানা গিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জেলায় দমকা হাওয়া ও শিলাবৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নতুন করে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যা উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আবহাওয়ার এই পরিবর্তন আরও জোরদার হয়েছে।
ইতিমধ্যেই বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টির ঘটনাও সামনে এসেছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকার নির্দেশ দেওয়া হয়েছে।