রোনাল্ডোদের বিদায়ের দায় নিয়ে পদত্যাগ মার্তিনেজ়ের
বিশ্বকাপ জেতাতে এসেছিলেন। পারেননি। তাই সরে যাচ্ছেন। এমনটাই জানিয়ে দিলেন রবার্তো মার্তিনেজ়। বিশ্বকাপ থেকে বিদায়ের পর পদত্যাগ করেছেন বেশ কয়েকটি দেশের কোচ। সেই ধারা দেখা গেল পর্তুগালেও। পদত্যাগ করলেন দলের কোচ। স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। খেলা শেষে মার্তিনেজ় বলেন, “আমি বিশ্বকাপ জেতাতে পর্তুগালে এসেছিলাম। দলের দায়িত্ব নিয়েছিলাম। পারিনি। তাই থাকার কোনও মানে হয় না। পর্তুগাল ফুটবল সংস্থা এ বার নতুন কোচ নিয়োগ করবে। আমার চুক্তি আজকেই শেষ। পর্তুগালের হয়ে এটাই আমার শেষ ম্যাচ ছিল।” হারের দায় নিজের ঘাড়ে নিয়েছেন মার্তিনেজ়। তাঁর দাবি, প্রস্তুতিতে কোনও খামতি ছিল না। কিন্তু মাঠে সেটা দেখা যায়নি। মার্তিনেজ় বলেন, “আমরা পুরো তৈরি হয়েই নেমেছিলাম। স্পেনের মতো দলকে ৯০ মিনিট আটকে রেখেছিলাম। কিন্তু ভাগ্য খারাপ। মুহূর্তের ভুল সব শেষ। আমারই হয়তো কিছু ভুল ছিল। তাই জিততে পারলাম না। দলের সকলে খুব ভাল খেলেছে। ওদের জন্য গর্বিত।”
বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে রোনাল্ডোরও। এই ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ। ফলে ফুটবলের বিশ্বযুদ্ধে আর দেখা যাবে না তাঁকে। তবে পর্তুগালের হয়ে এখনও খেলতে পারেন তিনি। অবসরের কথা ভাবেননি। রোনাল্ডোর প্রশংসা শোনা গিয়েছে মার্তিনেজ়ের মুখে। তিনি বলেন, “রোনাল্ডো দুর্দান্ত ফুটবলার। দুর্দান্ত অধিনায়ক। ও কিংবদন্তি। ওর মতো ফুটবলারের সঙ্গে সাজঘর ভাগ করতে পেরে আমি গর্বিত। এত বছর ধরে একটা দেশকে টেনেছে। ট্রফি জিতিয়েছে। ও বিশ্বের সর্বকালের সেরাদের এক জন।” গত বারের বিশ্বকাপ চলাকালীন পর্তুগালের তৎকালীন কোচ ফের্নান্দো স্যান্টসের সঙ্গে বিবাদ হয়েছিল রোনাল্ডোর। গুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন স্যান্টস। মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। তার পরেই স্যান্টসকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় মার্তিনেজ়কে। আরও এক বিশ্বকাপ শেষে পর্তুগালের আরও এক কোচের চাকরি গেল।