রেড রোডে নয়, এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নমাজ

May 28, 2026 - 12:50
 7
রেড রোডে নয়, এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নমাজ

এবার আর রেড রোড-এ নয়, ঈদ-উদ-জোহার নমাজ অনুষ্ঠিত হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ। সেইমতো ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।

জানা গিয়েছে, আগামী ২৮ মে ঈদ-উদ-জোহার নমাজ আয়োজনের জন্য খিলাফত কমিটি-র পক্ষ থেকে ভারতীয় সেনাবাহিনীর কাছে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল। তবে প্রথা ভেঙে এবার রেড রোডে অনুমতি না দিয়ে বিকল্প হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নমাজ আয়োজনের অনুমতি দেয় সেনাবাহিনী। সেনার সিদ্ধান্ত মেনে রেড রোডের পরিবর্তে ব্রিগেডেই নমাজ আয়োজন করতে সম্মত হয়েছে খিলাফত কমিটি। পাশাপাশি কলকাতা পুলিশ-এর তরফেও ব্রিগেডে নমাজ আয়োজনের অনুমতি মিলেছে।

উল্লেখ্য, ১৯১৯ সাল থেকে রেড রোডে ঈদের নমাজ অনুষ্ঠিত হয়ে আসছে। তার আগে শহীদ মিনার চত্বরে নমাজ পড়া হতো। পরে বৃষ্টির সময় জল জমার সমস্যার কারণে সেই স্থান পরিবর্তন করে রেড রোডে নমাজ আয়োজন শুরু হয়।

তবে ইতিহাসে কয়েকবার ব্যতিক্রম ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এবং কোভিড পরিস্থিতিতে টানা দু'বছর রেড রোডে ঈদের নমাজ বন্ধ ছিল। এবারও নতুন পরিস্থিতিতে রেড রোডের পরিবর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকেই বেছে নেওয়া হয়েছে।