রবিবার সকালে জমজমাট প্রচারে অদিতি মুন্সি, পুজো-সঙ্গীতেই জনসংযোগ

Apr 6, 2026 - 13:52
 0
রবিবার সকালে জমজমাট প্রচারে অদিতি মুন্সি, পুজো-সঙ্গীতেই জনসংযোগ

রবিবার সকালে নিজের এলাকায় জমজমাট প্রচারে নামলেন রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি। দিনটির শুরুতেই বাগুইআটির দক্ষিণ পাড়ায় খাটু শ্যাম মন্দিরে পুজো দেন তিনি।

এরপর শ্যামের ভজন গেয়ে মানুষের সঙ্গে জনসংযোগে অংশ নেন।

এদিন ধামসা-মাদল এবং ব্যান্ডের তালে প্রায় হাজার খানেক কর্মী-সমর্থককে নিয়ে এলাকায় প্রচারে বের হন অদিতি। মিছিল ঘিরে ছিল উৎসবের আবহ। রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাঁদের 'পাড়ার মেয়ে'কে ফুল-মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রচারের মূল কেন্দ্র ছিল দক্ষিণ দমদম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ড, যেখানে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর সঙ্গে প্রচারে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পুরসভার পুরপ্রধান কস্তুরী চৌধুরী।

সব মিলিয়ে, রবিবার সকালের এই প্রচারে ধর্মীয় আচার, সঙ্গীত এবং জনসংযোগ-তিনের মেলবন্ধনে এক আলাদা মাত্রা যোগ করলেন অদিতি মুন্সি।