মেসি এই গ্রহের নয়, ২০ বছর ধরে ওর ধারেকাছে কেউ নেই,’ দাবি জাভির
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন মেসি। এই বয়সেও তিনি যে ভাবে খেলছেন তা দেখে অবাক জ়াভি। মেসিকে বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডনের সঙ্গে তুলনা করেছেন তিনি। জ়াভি বলেন, “আমি মনে করি, মেসি ফুটবলের মাইকেল জর্ডন। ওর ধারেকাছে কেউ নেই। গত ২০ বছর ধরে ও সেরা। এখনও আমি মনে করি মেসির মতো ফুটবলার বিশ্বে নেই। ওর মানসিকতা অসাধারণ।” এখনও মেসি যে ভাবে নিজেকে ফিট রেখেছেন তা দেখে অবাক হয়েছেন জ়াভি। আলজেরিয়া ম্যাচের গোলের প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। জ়াভি বলেন, “ও হারতে শেখেনি। আমার মতে, এটাই ওকে বাকিদের থেকে আলাদা করেছে। এখনও মেসি পুরো ফিট। আলজেরিয়ার বিরুদ্ধে ওর গোলগুলোর কথা বাদ দিন। গোটা ম্যাচে ও যে ভাবে খেলেছে সেটা দেখুন। এখনও কত খিদে ওর। এখনও মেসি চ্যাম্পিয়ন হতে চায়। সেটাই ওকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে।” মেসির খেলা দেখে তাঁকে এই গ্রহের মনে হয় না জ়াভির। কারও সঙ্গে তাঁর তুলনা করতে পারছেন না তিনি। স্পেনের প্রাক্তন তারকা বলেন, “আমি আলজেরিয়া ম্যাচের পর মেসিকে মেসেজ করেছিলাম। ওকে বললাম, ও প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে। ওর খেলা দেখে হাসছিলাম। পাগলের মতো খেলছিল। ওটাই মেসি। ঠিক সময়ে ঠিক কাজটা করে। আমার মতে, ওর তুলনা করা যায় না। ও এই গ্রহের নয়।” শুধু জ়াভি নন, মেসিকে সেরা বলেছেন কিলিয়ান এমবাপেও। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামার আগে ফরাসি তারকাকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড ও হ্যারি কেনের মধ্যে কে সেরা? জবাবে এমবাপে বলেন, “আমাদের মধ্যে অবশ্যই মেসি সেরা। ও বিশ্বের সেরা ফুটবলার। তার পরেই রয়েছে রোনাল্ডো। তার পরে সম্ভবত আমি। বাকিদের কথা বলতে পারব না।”