মালদায় মহিলার গলার সোনার চেন ছিনতাইয়ের চেষ্টা, তদন্তে পুলিশ
মালদা: ইংরেজবাজার থানার গয়েশপুর এলাকায় এক মহিলার গলায় থাকা সোনার চেন ছিনতাইয়ের চেষ্টাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্ত সুমনা বসাক, তিনি ইংলিশবাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পূর্ব দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সুমনা দেবী তাঁর মেয়েকে নিয়ে গয়েশপুর থেকে ৪২০ মোড়ের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, গয়েশপুর এলাকার একটি জিম সেন্টারের সামনে পৌঁছতেই মোটরবাইকে করে আসা দুই দুষ্কৃতী আচমকা তাঁর গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
চেন টানাটানির সময় সেটি ছিঁড়ে গেলেও দুষ্কৃতীরা তা নিয়ে পালাতে পারেনি বলে জানা গিয়েছে। এরপর তারা দ্রুত মোটরবাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর আক্রান্ত মহিলার পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে রবিবার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জনবহুল এলাকায় এ ধরনের ছিনতাইয়ের চেষ্টা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।