মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাসের ধাক্কা, গুরুতর জখম ৩

May 9, 2026 - 14:54
 13
মালদায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাসের ধাক্কা, গুরুতর জখম ৩

মালদা শহরের ব্যস্ততম রথবাড়ি জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল একটি যাত্রীবাহী বেসরকারি বাস। ঘটনায় গুরুতর জখম হয়েছেন চালক-সহ তিনজন। শুক্রবার সকালে দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রথবাড়ি এলাকায়।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম তরজিনা বিবি, তাঁর বাড়ি মালতিপুর এলাকায়। এছাড়াও আহত হয়েছেন বাসুদেব কর্মকার, বাড়ি পুরাতন মালদা এবং সিকান্দার আলি, বাড়ি চাঁচল-এর সালালপুর এলাকায়। বাসচালকের নাম এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে খবর, এদিন মালদা শহরমুখী একটি যাত্রীবোঝাই বাস রথবাড়ি এলাকায় ঢোকার আগেই নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি রথবাড়ি জেব্রা ক্রসিংয়ের কিছুটা আগে ডিভাইডারের উপর থাকা পথবাতির পোলে সজোরে ধাক্কা মারে।

ঘটনার সময় বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান।

সামান্য আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর জখম তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।