মাধ্যমিকে রাজ্যে পঞ্চম ইসলামপুরের বেদাশ্রুতি, গর্বে উজ্জ্বল শহর

May 9, 2026 - 14:50
 4
মাধ্যমিকে রাজ্যে পঞ্চম ইসলামপুরের বেদাশ্রুতি, গর্বে উজ্জ্বল শহর

মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এ দুর্দান্ত সাফল্য অর্জন করে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করল বেদাশ্রুতি সিনহা। ইসলামপুর-এর ইসলামপুর গার্লস' স্কুল-এর এই কৃতী ছাত্রীর প্রাপ্ত নম্বর ৬৯৩।

তার এই অসামান্য সাফল্যে খুশির হাওয়া পরিবার, স্কুল এবং গোটা ইসলামপুর জুড়ে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্রী হিসেবে পরিচিত ছিল বেদাশ্রুতি। নিয়মিত পড়াশোনা, কঠোর অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের জোরেই সে এই সাফল্য অর্জন করেছে।

ফল প্রকাশের পর থেকেই বেদাশ্রুতির বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীরা। তার এই কৃতিত্বে গর্বিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরাও। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, বেদাশ্রুতির এই সাফল্য আগামী দিনে অন্যান্য পড়ুয়াদেরও অনুপ্রেরণা জোগাবে।

স্কুলের প্রধান শিক্ষিকা মনিসা সাহা জানান, "বেদাশ্রুতি শুরু থেকেই অত্যন্ত মনোযোগী ছাত্রী ছিল। তার এই ফল আমাদের সকলের কাছে গর্বের।"

অন্যদিকে, বেদাশ্রুতির মা অনিতা রায় সিনহা জানান, বর্তমানে তাঁর মেয়ে হায়দ্রাবাদ-এ রয়েছে। ভবিষ্যতে আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় সে। পাশাপাশি এই সাফল্যের জন্য বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং সকলের সহযোগিতার কথাও উল্লেখ করেছে বেদাশ্রুতি।

বেদাশ্রুতির এই উজ্জ্বল সাফল্যে এখন উৎসবের আবহ গোটা ইসলামপুর জুড়ে। বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা নেমেছে তার জন্য।