মণিপুরে টহলের সময় গুলিতে শহিদ মালদহের জওয়ান, শোকে স্তব্ধ পরিবার
মালদহ: মণিপুরে দুষ্কৃতীদের গুলিতে শহিদ হলেন মালদহের এক বিএসএফ জওয়ান। মৃতের নাম মিঠুন মণ্ডল। এই মর্মান্তিক খবরে শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবার ও গ্রামবাসী।
জানা গিয়েছে, ৩৪ বছর বয়সী মিঠুন মণ্ডল বিএসএফ-এর ১৭০ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি মণিপুরের উখরুল জেলায় নিযুক্ত ছিলেন। শুক্রবার বিকেলে ওই জেলার মংকোট চেপু এলাকায় টহল দেওয়ার সময় আচমকাই দুষ্কৃতীদের গুলিতে তিনি গুরুতর জখম হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি— কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
মালদহের মোথাবাড়ি এলাকার উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজান টোলা গ্রামই মিঠুনের বাড়ি। রাতেই তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। বৃদ্ধ বাবা মন্টু মণ্ডল, যিনি পেশায় কৃষিজীবী, ছেলের অকালমৃত্যুতে দিশেহারা। মা-সহ পরিবারের সকলেই শোকে স্তব্ধ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা নাগাদ প্রথমে ফোনে জানানো হয় মিঠুন গুরুতর জখম হয়েছেন। কিছুক্ষণ পরই আসে আরও ভয়াবহ খবর— তিনি আর নেই।
প্রায় ছয় বছর আগে এলাকারই তরুণী সুলেখার সঙ্গে বিয়ে হয়েছিল মিঠুনের। তাঁদের পাঁচ ও তিন বছর বয়সী দুই ছোট সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েছেন সুলেখা। দুই শিশুকে নিয়ে এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে তিনি।
পরিবারের অন্যতম উপার্জনকারীকে হারিয়ে দুশ্চিন্তায় পড়েছে গোটা সংসার। কীভাবে চলবে পরিবার, কীভাবে বড় হবে দুই সন্তান— সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
এই দুঃসংবাদে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন মিঠুনের বাড়িতে, শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে। মৃতদেহ গ্রামে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে।