ভোটের মুখে বীজপুরে তাজা বোমা উদ্ধার, শুরু রাজনৈতিক চাপানউতোর
বীজপুর: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ব্যারাকপুর মহকুমার বীজপুর বিধানসভা কেন্দ্রে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোরে কাঁচরাপাড়ার একাধিক এলাকা থেকে মোট ছয়টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কাঁচরাপাড়া ফোরম্যান কলোনির থার্ড অ্যাভিনিউ এলাকায় রেলের একটি পরিত্যক্ত জায়গা থেকে চারটি তাজা বোমা উদ্ধার হয়। পাশাপাশি কাঁচরাপাড়া জোড়া মন্দির এলাকা থেকে আরও দুটি বোমা উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ ও বোম্ব স্কোয়াড। বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গেছে।
নির্বাচনের মুখে এই বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। বিজেপির প্রার্থী সুদীপ্ত দাসের অভিযোগ, তৃণমূল কংগ্রেসই এই বোমা মজুত করেছিল। পাল্টা হালিশহর টাউন তৃণমূল সভাপতি প্রবীর সরকারের দাবি, বিজেপিই এই ঘটনার সঙ্গে জড়িত।
কে বা কারা এই বোমা মজুত করেছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।