বিরল রোগে আক্রান্ত হয়ে প্রয়াত আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার

Jul 8, 2026 - 13:05
 2
বিরল রোগে আক্রান্ত হয়ে প্রয়াত আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার

প্রয়াত হলেন শাপুর জ়াদরান। আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ এবং প্রাক্তন জোরে বোলার জাদরান বিরল একটি রোগের সঙ্গে লড়াই করছিলেন। শেষরক্ষা হল না। ৩৮ বছর বয়সে মারা গেলেন তিনি। গত জানুয়ারি থেকে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জাদরান। গত বছরের অক্টোবরে নিজের দেশে প্রথম অসুস্থ বোধ করার পর তাঁর ভাই ঘামাই জাদরান এবং আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান তাঁকে দিল্লিতে নিয়ে আসেন।আফগানিস্তান বোর্ড (এসিবি) তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘গভীর শোক ও অত্যন্ত দুঃখের সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রাক্তন ফাস্ট বোলার শাপুর জ়াদরানের মৃত্যুর খবর জানাচ্ছে। জ়াদরান আফগানিস্তান ক্রিকেটের ভিত তৈরি করেছিলেন। তাঁর ত্যাগ, নিষ্ঠা আমাদের দেশের ক্রিকেটের উত্থান ও উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি আফগান ক্রিকেটকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যাওয়ার পথ তৈরিতে সাহায্য করেছিলেন।’’ এই বাঁহাতি পেসার হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস অসুখে ভুগছিলেন। এই রোগে অতিরিক্ত সক্রিয় শ্বেত রক্তকণিকা শরীরের নিজস্ব অঙ্গ-প্রত্যঙ্গগুলিকে আক্রমণ করে।তাঁর পরিবারের দেওয়া তথ‍্য অনুযায়ী, জ়াদরানের শারীরিক অবস্থা সংক্রমণের কারণে আরও জটিল হয়ে পড়েছিল, যা তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়।চলতি বছরের শুরুর দিকে ঘামাই জানিয়েছিলেন, ‘‘যক্ষ্মা-সহ তাঁর পুরো শরীর সংক্রমণে ভরে গিয়েছিল। এটি তাঁর মস্তিষ্কেও ছড়িয়ে পড়েছিল।’’ মাঝখানে কিছুটা সুস্থতা হয়েছিলেন। তখন তাঁকে তিন সপ্তাহের জন্য একটি হোটেলে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, তবে সংক্রমণটি আবারও মারাত্মক ভাবে ফিরে আসায় চিকিৎসকরা তাঁকে আইসিইউ-তে ভর্তি করাতে বাধ্য হন। সেখানেই নিজের ৩৯তম জন্মদিনের ঠিক এক দিন আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।২০২৫ সালের জানুয়ারিতে জ়াদরান তাঁর ২২ বছরের ক্রিকেটজীবন থেকে অবসর নেন। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। দেশের হয়ে ৪৪টি এক দিনের ম‍্যাচ এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০২০ সালে তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেললেও, ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যান