বারামতীর রানওয়েতে ভেঙে পড়ল প্রশিক্ষণরত বিমান
বারামতীর রানওয়েতে অবতরণের সময় পিছলে গেল একটি প্রশিক্ষণ বিমান।ভেঙে যায় বিমানটি। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ পুণের বারামতী বিমানঘাঁটির কাছে রানওয়েতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে বেসরকারি সংস্থার একটি প্রশিক্ষণ বিমান। পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, ওই বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই বিমানটি কার্ভার এভিয়েশন নামক এক সংস্থার। প্রশিক্ষণের সময় ওই বিমানে দু’জন ছিলেন।গত ২৮ জানুয়ারি বারামতীর এই বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়েছিল একটি চাটার্ড বিমান। সেই বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। তিনি ছাড়াও ওই বিমানের পাইলট সুমিত কপূর, ফার্স্ট অফিসার শাম্ভবী পাঠক এবং এনসিপি প্রধানের দুই সহকারীরও মৃত্যু হয়। জানা গিয়েছিল, অজিতের বিমানটি আছড়ে পড়ার আগেও এক বার রানওয়েতে নামার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। অবতরণের চেষ্টা প্রথম বার ব্যর্থ হওয়ার পরে আকাশে এক চক্কর কেটে দ্বিতীয় চেষ্টা করেন পাইলট। দ্বিতীয় বার রানওয়েতে নামার সময়েই ভেঙে পড়ে বিমানটি।