বদলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঠ, জানাল আইসিসি

Jul 24, 2026 - 12:52
 8
বদলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাঠ, জানাল আইসিসি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে হচ্ছে না। তা সরিয়ে দেওয়া হয়েছে ওভালে। পরের বছর ৯-১৩ জুন আয়োজিত হবে এই ম্যাচ।লর্ডসের দেখভাল করে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। তারা জানিয়েছে, মাঠের পিচ উন্নত করা হবে। তাই লর্ডসে ফাইনাল আয়োজন করা সম্ভব নয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আইসিসিকে জানিয়ে দিয়েছে, লর্ডসের পিচের অবস্থা এই মুহূর্তে ভাল নয়। তাই মাঠ বদল করা হোক। গত মাসে লর্ডস প্রথম বার ডিমেরিট পয়েন্ট পেয়েছিল। ইংল্যান্ড বনাম নিউ জ়িল্যান্ড টেস্টের পিচকে আইসিসি বলেছিল ‘অসন্তোষজনক’। এমসিসি-র সিদ্ধান্ত, এখনই পিচ উন্নত করতে হবে।গত বছরের সাফল্যের পর আগামী বছরও লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল। যদিও কখনওই তা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করা হয়নি। এমসিসি-র আশা, ভবিষ্যতে এই ম্যাচ আবার লর্ডসে ফিরবে। সূত্রের খবর, ২০২৯-এর ফাইনাল আবার হতে পারে লর্ডসে। তবে লর্ডসের পিচ নিয়ে এমসিসি সন্তুষ্ট হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।এ দিকে, ওভাল হল সারে কাউন্টির মাঠ। পরের বছর তাদের একটি টেস্ট আয়োজন করার কথা ছিল। এ বার আরও একটি টেস্ট যোগ হল। ফলে বাণিজ্যিক ভাবে আরও শক্তিশালী হবে সারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়াও অ্যাশেজের পঞ্চম টেস্ট আয়োজন করার কথা রয়েছে তাদের। ক্লাবের মুখ্যকর্তা স্টিভ এলওয়ার্দি বলেছেন, “ক্রিকেটের বড় ম্যাচ আয়োজন করা আমার কাছে সম্মানের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চেয়ে বড় ম্যাচ আর কিছুই নেই।”