ফিফায় লিখিত অভিযোগ মিশরের

Jul 9, 2026 - 13:25
 11
ফিফায় লিখিত অভিযোগ মিশরের

আর্জেন্টিনার কাছে হার মেনে নিতে পারছে না মিশর। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ এগিয়ে থাকার পরেও ২-৩ হারের ধাক্কা সামলাতে পারছে না তারা। সেই কারণে রেফারির বিরুদ্ধে ফিফায় লিখিত অভিযোগ দায়ের করেছে মহম্মদ সালাহ্‌দের দেশ।স্পেনের সংবাদমাধ্যম ‘দিয়ারো এএস’ জানিয়েছে, মিশর ফুটবল সংস্থার সভাপতি হানি আবো রিদা ফিফার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর্জেন্টিনা ম্যাচের দায়িত্বে থাকা ফরাসি রেফারি ফ্রাঙ্কোইস লেটেক্সিয়ার ও তাঁর দলের বিরুদ্ধে অভিযোগ করেছে মিশর।অভিযোগে দাবি করা হয়েছে, মিশরের বিরুদ্ধে যে যে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা তদন্ত করে দেখুক ফিফা। তাদের মনে হয়েছে, ইচ্ছা করে আর্জেন্টিনাকে জিতিয়েছেন রেফারি। তাই তাঁদের এই বিশ্বকাপের আর কোনও ম্যাচ পরিচালনার দায়িত্ব যেন না দেওয়া হয়। ফ্রাঙ্কোইস ও তাঁর দলকে বিশ্বকাপ থেকে বার করে দেওয়ার দাবি জানিয়েছে মিশর।

খেলা শেষে মিশরের কোচ হোসাম হাসানও আঙুল তুলেছেন রেফারির দিকে। সাংবাদিক বৈঠকে এসে কোনও রাখঢাক করেননি হাসান। বলেছেন, “কে কী মনে করল তাতে আমার কিছু যায়-আসে না। আমি সত্যি কথাটাই বলতে এসেছি। ভাল ভাল কথা বলতে এখানে আসিনি। আমাদের সঙ্গে অন্যায় ভাবে প্রতারণা করা হয়েছে। গভীর অবিচারের শিকার হয়েছি আমরা।” আর্জেন্টিনার তৃতীয় গোলটি করেন এঞ্জো ফের্নান্দেজ়। তবে মিশরের মতে, তার আগে তাদের পেনাল্টি পাওয়া উচিত ছিল। বক্সের মধ্যে হামদি ফাতিকে ফাউল করেছিলেন ম্যাক অ্যালিস্টার।হাসান বলেন, “ফেয়ার প্লে-কে কোনও রকম সম্মান দেখানোই হল না। পেনাল্টি বাতিল করে দেওয়া হল। ভার-ও পরীক্ষা করার প্রয়োজন মনে করল না। দ্বিতীয় গোল অদ্ভুত ভাবে বাতিল করা হয়েছে। সেখানেও ভার পরীক্ষা করা হয়নি। অথচ আমরা সবাই দেখেছিলাম কী ভাবে পিছন থেকে জার্সি ধরে টানা হয়েছে।”তিনি আরও বলেন, “রেফারি ভাল ছিলেন না। অবিচার করেছেন আমাদের সঙ্গে। শুরু থেকে আমাদের বিরুদ্ধে সব সিদ্ধান্ত নিচ্ছিলেন। উনি চাননি আমরা জিতি। এই ম্যাচ চুরি করা হয়েছে। আমাদের দোষ ছিল না।” মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে বা বিশ্বকাপ জেতাতেই ফিফা এই কাজ করছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসান। তাঁর কথায়, “ওরা বোধহয় বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে চায়। হয়তো চায় মেসি আরও কিছু ক্ষণ খেলুক। ফুটবলে কিছু বাইরের শক্তিও রয়েছে, যাদের সামনে কৌশলগত বুদ্ধি কাজে লাগে না। আর্জেন্টিনা সমস্ত বিভাগে ফিফার সাহায্য পাচ্ছে।”