পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে বকেয়া মহার্ঘভাতার দাবিতে ধর্মঘটের ডাক
পশ্চিমবঙ্গে বকেয়া মহার্ঘভাতার দাবিতে শুক্রবার ১৩ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ এখনও মেটানো হয়নি বলে অভিযোগ কর্মচারী সংগঠনগুলির।
সংগঠনগুলির দাবি, শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার এখনও সেই বকেয়া পরিশোধ করেনি। উল্টে সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে আরও সময় চেয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই ধর্মঘটের ডাক দিয়েছে সরকার বিরোধী বিভিন্ন কর্মচারী সংগঠন।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ধর্মঘট পালনের কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীদের ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে সংগঠনগুলির পক্ষ থেকে।
ধর্মঘটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মচারীদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। তবে ধর্মঘটের জেরে সরকারি পরিষেবায় কতটা প্রভাব পড়বে, সেদিকেই এখন নজর সকলের।