নেপালে এখনও নিঁখোজ ২৮৭ ভারতীয়, জানাল দিল্লি

Aug 30, 2026 - 09:57
 1
নেপালে এখনও নিঁখোজ ২৮৭ ভারতীয়, জানাল দিল্লি

হড়পা বানে বিধ্বস্ত নেপালে আটকে পড়েছেন অনেক ভারতীয়। তাঁদের অধিকাংশই পর্যটক। আবার কেউ কেউ কর্মসূত্রে নেপালে ছিলেন। শনিবার বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, বিপর্যস্ত নেপাল থেকে এখনও পর্যন্ত ৮৮ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ভারতীয়ের সংখ্যা ২৮৭।গত বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে হড়পা বান আসে। তিব্বত সীমান্তের কাছে গ্রামের পর গ্রাম ভেসে যায় নদীর জল ও কাদামাটির প্রবল স্রোতে। তার পর থেকে উদ্ধারকাজ চলছে। রাসুয়া জেলায় হাইড্রোপাওয়ার প্রকল্পের কাজ হচ্ছিল। হড়পা বানে সেই প্রকল্প এখন ‘সলিল সমাধি’। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওই এলাকা থেকে শনিবার চার জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাঁদের কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ভারতে ফিরিয়ে আনা হবে। ওই চার জনের পরিচয়ও জানিয়েছে বিদেশ মন্ত্রক। ওই চার জন হলেন রিপু কুমার, চানেশ্বর নারজ়ারি, কৃপা শঙ্কর এবং মহম্মদ মিনহাজুদ্দিন। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি।বিপর্যস্ত নেপালের পাশে প্রথম থেকেই রয়েছে প্রতিবেশী দেশ ভারত। এ দেশ থেকে ত্রাণসামগ্রী পৌঁছে যাচ্ছে পড়শি দেশে। নয়াদিল্লি এ-ও জানায়, তারা উদ্ধারকারী দল পাঠাতে চায় নেপালে। যদিও প্রথমে বলেন্দ্র শাহের সরকার সেই ‘সাহায্য’ নিয়ে চায়নি। তবে পরে আন্তর্জাতিক চাপের সামনে তাদের নতিস্বীকার করতে হয়েছে। নেপাল রাজি হওয়ার পরেই সেখানে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা ফরেনসিক দল এবং সুড়ঙ্গ খননকারী দল পাঠাচ্ছে। এই সুড়ঙ্গ খননকারী দল মূলত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল আগেই বলেছিলেন, ‘‘ওই দল গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবে। কী কী সরঞ্জাম দরকার হবে, খতিয়ে দেখা হবে।’’ তাদের থেকে তথ্য সংগ্রহ করে ভারতের মূল উদ্ধারকারী দল রওনা দেবে নেপালের উদ্দেশে। শনিবারই একটি বিশেষ উদ্ধারকারী দলের নেপালে পৌঁছোনোর কথা।

নেপালে যাবে ভারতের একাধিক ফরেনসিক দল। এ দিনই দলগুলি কাঠমান্ডু পৌঁছোবে। মৃতদেহ শনাক্তকরণ প্রক্রিয়া ডিএনএ-র নমুনা পরীক্ষায় সাহায্য করবে তারা। এ ছাড়াও, বিশেষ প্রযুক্তি দলও নেপালে পৌঁছেছে। সেই দলে ১১ জন বিশেষজ্ঞ রয়েছেন। সুড়ঙ্গের মধ্যে উদ্ধারকাজ চালাতে তারা সব রকম সাহায্য করবে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এমনই আরও একটি দল শনিবার কাঠমান্ডু পৌঁছোচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি।নেপাল পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত হড়পা বানের কারণে ৫৯৯ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ অনেকে। বিপদের সময় প্রতিবেশী হিসেবে ভারতের ভূমিকার প্রশংসা করেছে নেপাল সরকার। এই প্রচেষ্টাকে নরেন্দ্র মোদীর ‘উদারতা’ হিসেবে বর্ণনা করেছে তারা। নেপালের বন্যাদুর্গত এলাকায় বৃষ্টির কারণে বার বার বাধা পাচ্ছে উদ্ধারকাজ। তবে তার মধ্যেই উদ্ধারকারী দলগুলি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।