নিউটাউনে অ্যাপ ক্যাব থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার, গ্রেফতার ১
নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয় প্রায় ২৫ লক্ষ টাকা। এই ঘটনায় সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সকাল থেকেই নিউটাউন সিটি সেন্টার সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছিল বিধাননগর গোয়েন্দা বিভাগ ও ইকোপার্ক থানার পুলিশ। সন্দেহজনক একটি অ্যাপ ক্যাবকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়।
ধৃত সুরেশ ঠাকুর গুজরাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কলকাতার বড়বাজার এলাকা থেকে এই টাকা নিয়ে নিউটাউনের দিকে আসছিল সে। টাকা কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।