নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ পঞ্চায়েত সদস্যের
সৌরভ দাস, নন্দীগ্রাম : নন্দীগ্রামে বিজেপিতে ভাঙনের ঘটনা সামনে এল। বিজেপির টিকিটে জয়ী কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের ২৪৫ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য তনুশ্রী দাস শুক্রবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও আসনটি তপশিলি সংরক্ষিত হওয়ায় প্রধানের পদে বসাতে হয় বিজেপির টিকিটে জয়ী সদস্যকে। ফলে রাজনৈতিকভাবে কিছুটা চাপে ছিল তৃণমূল।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতির পরিবর্তন ঘটল। কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের তপশিলি সংরক্ষিত আসনে বিজেপির টিকিটে জয়ী তনুশ্রী দাস এদিন নন্দীগ্রাম-১ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলের নেতৃত্বের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের দাবি, এর ফলে পঞ্চায়েত প্রধানের পদও তাদের দখলে আসতে চলেছে। এই যোগদানকে কটাক্ষ করেছে বিজেপি। নন্দীগ্রাম মণ্ডল-২ বিজেপি সভাপতি সুদীপ দাস বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর সবাই আবার বিজেপিতেই ফিরে আসবে।” অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই ঘটনায় উচ্ছ্বসিত। তাঁদের মতে, বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রে বিজেপির পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং সংগঠনের পক্ষে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।