দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু, আতঙ্কে বাসিন্দারা, সজাগ প্রশাসন
দুর্গাপুর: গরম পড়তেই দুর্গাপুরে ফের ডেঙ্গুর প্রকোপ দেখা দিল। এরই মধ্যে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইস্পাত নগরীর সেকেন্ডারি এলাকায়। মৃতের নাম মনোজ কুমার দাস (৪৬), তিনি ওই এলাকারই বাসিন্দা।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, দোল উৎসবের সময় থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। প্রথমে সাধারণ জ্বর মনে হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জ্বরের সঙ্গে মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হওয়ায় পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। ১৩ মার্চ তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি—১৫ মার্চ তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, মৃত ব্যক্তি পানাগড়ের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
ইতিমধ্যেই এলাকাজুড়ে মশা নিয়ন্ত্রণে স্প্রে করা হয়েছে এবং বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। রাজ্য নগর উন্নয়ন দপ্তরের সার্ভে কর্মী কবিতা চৌধুরী জানান, “মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু ধরা হয়েছে। আমরা গোটা এলাকাকে নজরদারিতে রেখেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সবমিলিয়ে, ডেঙ্গু নিয়ে নতুন করে উদ্বেগ বাড়লেও পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন।