দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ, পুরিগেটে উত্তাল পরিস্থিতি
খড়গপুর: খড়গপুরের পুরিগেট এলাকায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে ঘিরে ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা সামনে এল। স্থানীয় বাসিন্দারা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। এমনকি গাড়ি ভাঙচুরের চেষ্টার পাশাপাশি পথ অবরোধেরও অভিযোগ ওঠে।
শুধু দিলীপ ঘোষই নন, তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা। বিক্ষোভের মাঝে 'জয় বাংলা' ও 'জয় শ্রীরাম' স্লোগান শোনা যায়, যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এলাকাবাসীদের অভিযোগ, রেলের নোটিশ নিয়ে যখন গোটা এলাকা আতঙ্কে ছিল, তখন একদিনও বিজেপি নেতা-কর্মীদের দেখা যায়নি। এমনকি দিলীপ ঘোষও সেখানে উপস্থিত হননি বলে দাবি তাঁদের। সেই কারণেই ভোটের মুখে তাঁর আগমনকে কেন্দ্র করে ক্ষোভআরও বেড়ে যায়।
এই ঘটনাকে ঘিরে ২৭ নম্বর ওয়ার্ডের পুরিগেট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হয় বলে জানা গিয়েছে।