‘তিন দিনের মধ্যে ক্ষমা চান, না হলে উঠবে রক্ষাকবচ!’ মেটা-প্রধানকে কড়া বার্তা সংসদীয় কমিটির

Aug 6, 2026 - 14:27
 4
‘তিন দিনের মধ্যে ক্ষমা চান, না হলে উঠবে রক্ষাকবচ!’ মেটা-প্রধানকে কড়া বার্তা সংসদীয় কমিটির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট সাময়িক ভাবে মুছে যাওয়ার প্রেক্ষিতে ক্ষমা চাইতে হবে মেটা-কর্তা মার্ক জ়ুকেরবার্গকে। নয়তো তাঁর সংস্থা ভারতে যে ‘রক্ষাকবচ’ পায়, তা তুলে নেওয়া হবে! এ ভাবেই হুঁশিয়ারি দিল যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি।সূত্রের খবর, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন ওই কমিটি বক্তব্য, এ ভাবে প্রধানমন্ত্রীর ভিডিয়ো সাময়িক ভাবে সরিয়ে নেওয়া ‘গণতন্ত্রের উপর আক্রমণ’। কারণ এই পোস্টটি শুধু প্রধানমন্ত্রীর নয়, ভারতের ১৪০ কোটি মানুষের কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরকে কী ভাবে ফেসবুকের মতো প্ল্যাটফর্ম থেকে সাময়িক ভাবে সরিয়ে দেওয়া যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছে ওই কমিটি।ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনের আবহে দেশের যুবসমাজকে বার্তা দিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই পোস্ট সাময়িক ভাবে সমাজমাধ্যম থেকে মুছে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। এই ঘটনার জন্য ক্ষমা চায় মেটা। একটি বিবৃতি দিয়ে মেটার এক মুখপাত্র জানান, ভুল করে ওই ভিডিয়োটি মুছে গিয়েছিল। তার পর সেটিকে ফেরানো হয় বলে জানান তিনি। মেটার এই ব্যাখ্যায় অবশ্য সন্তুষ্ট হয়নি কেন্দ্র। সূত্রের খবর, তেলঙ্গানার আইন প্রয়োগকারী সংস্থাকে ভিডিয়ো সরানোর বিষয়ে তদন্তের জন্য প্রয়োজনীয় অনুমোদন কেন দেওয়া হয়নি, প্রশ্ন সংসদীয় কমিটির। তাদের বক্তব্য, ‘‘ফেসবুক যদি এই বিষয়ে দোষীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না-করে, তবে সেভ হারবার ক্লজ়টি তুলে নেওয়া হবে। ক্ষমা চাইতে হবে জ়ুকেরবার্গকেও। না-হলে মামলাও হতে পারে।’’ ফেসবুক, ইনস্টাগ্রাম বা ওই জাতীয় যাবতীয় সমাজমাধ্যম ভারতে ‘সেফ হারবারের’ সুবিধা পায়। সেই সুবিধার বলে লিখিত বা ভিডিয়ো পোস্টে ব্যবহারকারীদের করা কোনও মন্তব্যের দায় বর্তায় না সংশ্লিষ্ট সমাজমাধ্যমের উপর। পুলিশ বা আইনপ্রয়োগকারী সংস্থাগুলি ওই সমাজমাধ্যমের বিরুদ্ধে কোনও মামলা করতে পারে না। সেই সুবিধা তুলে নেওয়া হলে ভারতে বিপাকে পড়তে পারে মেটা।

অন্য দিকে, মোদীর ভিডিয়ো মুছে ফেলার ঘটনায় আবার মেটার ‘গ্লোবাল পাবলিক পলিসি’ প্রধান জোয়েল কাপলানকে তলব করেছে কেন্দ্রীয় সরকার। তাঁর সঙ্গে ইনস্টাগ্রামের প্রযুক্তি বিভাগের আধিকারিকদেরও তলব করা হয়েছে।