টেস্টের শেষ দিন শ্রীলঙ্কার চাই ২৮৮ রান, ভারতের দরকার ৬ উইকেট
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের অপেক্ষায় ভারতীয় দল। ম্যাচের পঞ্চম দিন বৃষ্টি বাধা না হলে, দু’টেস্টের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া উচিত শুভমন গিলদের। জয়ের জন্য ৩৭২ রান তাড়া করতে নেমে মঙ্গলবারের খেলা শেষ হওয়ার সময় শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৮৪। এখনও ২৮৭ রানে পিছিয়ে রয়েছে আয়োজকেরা।প্রথম ইনিংসে ১৭৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। তবে প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারল না ভারতীয় দল। ওপেনার যশস্বী জয়সওয়াল (০) শুরুতেই ফিরে যান। অন্য ওপেনার লোকেশ রাহুল এবং তিন নম্বরে নামা দেবদত্ত পাডিক্কল ইনিংসের হাল ধরেন। রাহুল ৩৫ এবং পাডিক্কল ৪৪ রান করেন। রান পেলেন না শুভমন (৮)। ভরসা দিলেন ঋষভ পন্থ। আগ্রাসী মেজাজে ৬৯ বলে ৬৬ রান করলেন ৮টি চার এবং ২টি ছয়ের সাহায্যে। টেস্ট ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কা মারার বিশ্বরেকর্ডও গড়লেন। কিন্তু ভারতের আর কেউ দু’অঙ্কের রানও করতে পারলেন না। ১৯৩ রানেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। তাতে শ্রীলঙ্কার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৭২।দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সফলতম বোলার অসিথা ফার্নান্ডো ৩১ রানে ৪ উইকেট নিয়েছেন। ৪৩ রানে ৩ উইকেট প্রভাত জয়সূর্যের। ২৮ রানে ২ উইকেট লাহিরু কুমারার। সকালে ফিল্ডিং করার সময় গুরুতর চোট পেয়ে গল টেস্ট থেকে ছিটকে গিয়েছেন দীনেশ চণ্ডীমল। অভিজ্ঞ ব্যাটার এই টেস্টে আর খেলতে পারবেন না। বাউন্ডারি বাঁচাতে গিয়ে তাঁর ঘাড়ে এবং ডান কাঁধে চোট লেগেছে। অস্বস্তি হওয়ায় তাঁকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়। চিকিৎসকেরা ভর্তি করে নিয়েছেন তাঁকে। তাঁর কনকাশন সাব হিসাবে শ্রীলঙ্কা নামিয়েছে পাসিন্দু সুরিয়াবন্দরাকে। চণ্ডীমলের পরিবর্তে দ্বিতীয় ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে নামেন সুরিয়াবন্দরা। কিন্তু তিনি ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। প্রথম বলেই এলবিডব্লিউ আউট হয়েছেন। তাঁকে আউট করেছেন মানব সুতার। এই প্রথম টেস্ট খেললেন ২৬ বছরের সুরিয়াবন্দরা। কানকাশন সাব হিসেবে তাঁর টেস্ট অভিষেক হল।শ্রীলঙ্কার অন্য ব্যাটারেরাও দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেননি। ওপেনার নিশান ফার্নান্ডো (৬) এবং লাহিরু ইগালাগামেজ (১৬) দ্রুত আউট হয়ে গিয়েছেন। তবে ইগালাগামেজের আউট নিয়ে প্রশ্ন থাকছেই। সুতারের বলে ধ্রুব জুরেল যে ক্যাচ নিয়েছেন, তা নিয়ে সন্দেহ থাকছে। রিপ্লে দেখে বোঝা যায়নি ক্যাচ নেওয়ার আগে বল মাটিতে পড়েছিল কি না। যদিও তৃতীয় আম্পায়ার জানান, তাঁর মনে এই ক্যাচ নিয়ে কোনও সন্দেহ নেই। চার নম্বরে নেমে ব্যর্থ কামিন্দু মেন্ডিসও। ৪৭ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর লড়াই করছেন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা এবং সোনাল দিনুশা। দিনের শেষে ধনঞ্জয় ৩১ এবং দিনুশা ২৫ রানে অপরাজিত রয়েছেন।ভারতের বোলারদের মধ্যে মানব সুতার ৩০ রানে ২ উইকেট নিয়েছেন। ১১ রানে ১ উইকেট মহম্মদ সিরাজের। ১৩ রানে ১ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণের।