ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন, ৩০০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে এফআইআর
ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর দায়ের করা হল ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয় ব্যক্তি’র বিরুদ্ধে।রাঁচীর পুলিশ সুপার পরস রানা এক সংবাদ সংস্থা-কে জানিয়েছেন, নিষেধাজ্ঞামূলক আদেশ লঙ্ঘন, সরকারি সম্পত্তির ক্ষতি করা এবং পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। হাটিয়ার এসডিপিও নীরজ কুমার বৃহস্পতিবার বলেন, ‘‘ভিডিয়ো ফুটেজের মাধ্যমে ওই হামলাকারীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এর আগে রাঁচীর ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজনত্রী দাবি করেছিলেন ১০ অগস্টের বিধানসভা অভিযানের সময় সংঘর্ষে ১৪ জন পুলিশকর্মী আহত হন।সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে চাকরিপ্রার্থীরা গত ২০ দিন ধরে রাঁচীতে অবস্থান-বিক্ষোভ করছেন। ২ অগস্ট থেকে অনশন করছেন তরুণ সমাজসৈনিক দেবেন্দ্রনাথ মাহাতো। কিন্তু সে রাজ্যের জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের সরকার আন্দোলনকারীদের প্রতি কোনও সহানুভূতি দেখায়নি বলে অভিযোগ। মানা হয়নি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনে (জেএসএসসি) নিয়োগ পরীক্ষায় অনিয়মের ঘটনার সিবিআই তদন্তের দাবি। গত ১০ অগস্টের অশান্তির পরে অবশ্য পুলিশি নিপীড়নের সমালোচনা করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। তিনি বলেন, ‘‘ঝাড়খণ্ডে প্রতিবাদরত পড়ুয়াদের উপর বলপ্রয়োগ করা অন্যায়। শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে পড়ুয়াদের।’’ আলোচনার মাধ্যমেই সমাধানসূত্র বার হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘‘ঝাড়খণ্ড সরকারকে অবশ্যই শিক্ষার্থীদের কথা শুনতে হবে।’’