জামাত-এ-ইসলামির বিরুদ্ধে বড়সড় অভিযান জম্মু-কাশ্মীর পুলিশের
রবিবার জম্মু-কাশ্মীরে বড়সড় অভিযানে নামল পুলিশ এবং সেনা। নিষিদ্ধ সংগঠন জামাত-এ-ইসলামির বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা রুজু হতেই অভিযানে নামল পুলিশ। রবিবার বারামূলা জেলা জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে তারা।সূত্রের খবর, সোপোর শহর জুড়ে ২৭টি ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে। উল্লেখ্য, গত ২৫ মে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) কাশ্মীর উপত্যকা জুড়ে তল্লাশি অভিযানে নামে। জামাত-এ-ইসলামির বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত দেওয়ার অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তল্লাশি অভিযান চলে। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, জামাত-এ-ইসলামির প্রাক্তন প্রধানের বাড়িতেও সেই সময়ে তল্লাশি চালানো হয়। শ্রীনগর এবং সোপিয়ানের তিন জায়গায় সেই অভিযান চলে। সূত্রের খবর, সেই অভিযানে বেশ কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত নথি, ইলেকট্রনিক গ্যাজেট উদ্ধার হয়েছিল। তদন্তকারীদের সন্দেহ, জামাতের কার্যকলাপের সঙ্গে এই নথি এবং গ্যাজেটের সম্পর্ক রয়েছে। মে মাসের সেই তল্লাশি অভিযানের পর ফের জম্মু-কাশ্মীরে জামাতের ঠিকানা সন্দেহে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযানে নামল পুলিশ এবং সেনা।