চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল, লক্ষ্মণের সঙ্গে দেখা করে দ্রুত সমাধান চায় বিসিসিআই
শ্রীলঙ্কা সিরিজ়ের আগে সমস্যায় পড়েছে ভারতীয় দল। দ্বন্দ্ব লেগেছে প্রধান নির্বাচক এবং বোর্ড সচিবের। এর মাঝেই বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে (সিওই) যাচ্ছেন দেবজিৎ শইকীয়া। সেখানে সিওই প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বৈঠক করবেন তিনি।চোটের কারণে এই মুহূর্তে ভারতীয় দলের বাইরে জসপ্রীত বুমরাহ (হাঁটু), সাই সুদর্শন (বাঁ পায়ের গোড়ালি), হর্ষিত রানা (হ্যামস্ট্রিং), নীতীশ রেড্ডি (হ্যামস্ট্রিং) এবং ওয়াশিংটন সুন্দর (কোয়াড্রিসেপস)। এ ছাড়া আকাশ দীপ (পিঠের চোট) গত মরসুমে বাংলার রঞ্জি ট্রফি অভিযানের পর থেকেই আর খেলতে পারছেন না।এ ছাড়া সাদা বলের বিশেষজ্ঞ হার্দিক পাণ্ড্য (কোয়াড্রিসেপস), বরুণ চক্রবর্তী (হ্যামস্ট্রিং) এবং প্রিন্স যাদবও (হ্যামস্ট্রিং) এই মুহূর্তে চোট সারাতে সিওই-তে রয়েছেন। ২০২৫-এ নীতীন পটেল চলে যাওয়ার পর থেকে সিওই-তে ক্রীড়াবিজ্ঞানের প্রধান কেউ নেই। ফলে চিকিৎসকদের বেশি কাজ করতে হবে। একের পর এক চোট আরও চাপ বাড়িয়েছে।বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “হ্যাঁ, দেবজিৎ শইকীয়া রবিবার বেঙ্গালুরুতে এসে লক্ষ্মণের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখবেন। দু’জনের বৈঠকও হবে। সেখানে কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগরকর অনলাইনে যোগ দেবেন কি না জানা নেই। শইকীয়া এবং লক্ষ্মণ এগিয়ে এসে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেন কি না, সেটাই এখন দেখার।”