চিন্নাস্বামীতেই খেলতে পারবেন বিরাটরা, সবুজ সংকেত কর্নাটক সরকারের

Feb 14, 2026 - 08:54
 13
চিন্নাস্বামীতেই খেলতে পারবেন বিরাটরা, সবুজ সংকেত কর্নাটক সরকারের

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ হবে চিন্নাস্বামীতেই। কর্নাটক সরকারের এক পদক্ষেপে যাবতীয় সংশয় দূর হল। কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে কর্নাটক সরকার। ইতিমধ্যেই নতুন ভেন্যু খুঁজছে আরসিবি। বিরাট কোহলিদের নতুন হোম ভেন্যু হিসাবে নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের নাম উঠে এসেছিল। তবে মুম্বই ইন্ডিয়ান্স বেঁকে বসায় রোহিত শর্মার ঘরের মাঠে বিরাট কোহলিদের খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না। বৃহস্পতিবারই ডিওয়াই পাটিলে আইপিএলের ম্যাচ খেলার জন্য আরসিবি’র তরফে প্রয়োজনীয় আবেদন করা হলেও মুম্বই ইন্ডিয়ান্স তা খারিজ করে দেয়। এই ঘটনার ঠিক পরের দিনই চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজনের অনুমতি দিল কর্নাটক সরকার।শুক্রবার বেঙ্গালুরু মহানগর পালির কমিশনার, পুলিশ কমিশনার এবং আইন সম্পর্কিত প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে যোগ দিয়েছিল কর্নাটক সরকার। দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তে এসেছে তারা। কর্নাটকের পরিবহণ মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “ক্যাবিনেট কুনহা রিপোর্ট অনুযায়ী বেশ কিছু শর্ত মানা হয়েছে। এরপরেই অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল গ্যালারিতে ৩৫ হাজার দর্শকের উপস্থিতি-সহ বেশ কিছু শর্ত। সব দিক বিবেচনা করেই আমরা সিদ্ধান্তে এসেছি।” আরসিবি সমর্থকদের সুসংবাদ শুনিয়েছেন কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বেঙ্গালুরু ও কর্নাটকের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। ক্রীড়াপ্রেমীদের স্বার্থে মন্ত্রিসভা জননিরাপত্তাকে আগ্রাধিকার দিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। বিচারপতি জন মাইকেল ডি’কুনহার রিপোর্টের সুপারিশগুলি কার্যকর করা হবে। টিকিট, ভিড় নিয়ন্ত্রণ এবং স্টেডিয়ামে প্রবেশাধিকারের নিয়ম – সমস্ত কিছু কঠোরভাবে মেনে চলা হবে।’