চলন্ত গাড়ির উপর ভাঙল পিলার, উত্তরপ্রদেশে মৃত্যু সপা নেতার

Feb 17, 2026 - 13:53
 5
চলন্ত গাড়ির উপর ভাঙল পিলার, উত্তরপ্রদেশে মৃত্যু সপা নেতার

উত্তরপ্রদেশে মর্মান্তির দুর্ঘটনায় মৃত্যু হল সমাজবাদী পার্টির নেতার। গত রবিবার প্রতাপগড়ে পেট্রোল পাম্পের কাছে হঠাৎ ভেঙে পড়ে রাস্তার পাশে থাকা লোহার এক বিজ্ঞাপনী পিলার। আছড়ে পড়ে সপা নেতা লাল বাহাদুর যাদবের গাড়ির উপর।এই দুর্ঘটনায় মৃত্যু হয় ওই নেতার। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ভয়াবহ সেই দুর্ঘটনার ভিডিও।পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দ্রুত গতিতে রাস্তা থেকে ছুটছে সাদা রংয়ের একটি স্করপিও। হঠাৎ সেই গাড়ির উপর আছড়ে পড়ে রাস্তার পাশে থাকা ৬৫ ফুটের একটি ভারত পেট্রোলিয়ামের বিজ্ঞাপনী পিলার। যার ওজন আনুমানিক ৪০ কুইন্টাল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ৪৮ বছর বয়সি ওই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে পেট্রোল পাম্পের সামনে বিশাল ওই পিলারটি ক্রেনের সাহায্যে বসানোর প্রক্রিয়া চলছিল। তখনই ক্রেন ছিঁড়ে ঘটে এই দুর্ঘটনার।পুলিশের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা এবং কোনওরকম গাফিলতি হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। গাফিলতির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, লাল বাহাদুর যাদব পেশায় একজন পিডব্লিউডি ঠিকাদার। পাশাপাশি তিনি একটি দেশি মদের দোকান চালাতেন। এর আগে তিনি দু’বার স্থানীয় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটে হেরে যান তিনি।