গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস! হিমাচলের চম্বায় মৃত ৭, আহত ১১ জন
বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৭ যাত্রীর, আহত হয়েছেন ১১ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, শনিবার হিমাচল প্রদেশের চম্বায়।পুলিশ সূত্রে খবর,এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এটি একটি বেসরকারি বাস। বৈরাগড় থেকে চম্বা যাচ্ছিল সেটি। বাসে চালক এবং কন্ডাক্টর মিলিয়ে মোট ১৮ জন ছিলেন। বৈরাগড়-তিসা রোড ধরে যাচ্ছিল বাসটি। বৈরাগড় থেকে প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর চালুজের কাছে একটি পাহাড়ি বাঁকে বাসটির নিয়ন্ত্রণ হারান চালক। এর পরই সেটি উল্টে প্রায় ১০০ ফুট নীচে গিয়ে পড়ে। বাসের ভিতরে আটকে পড়েন যাত্রীরা।পুলিশ জানিয়েছে, বাসের ছাদ নীচের দিকে ছিল। বাসের চাকা ছিল উপরের দিকে। যাত্রীদের চিৎকারে স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকেও। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, হোমগার্ড, দমকল এবং স্থানীয় দল উদ্ধারকাজে নামেন। দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতর থেকে এক এক করে সকল যাত্রীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত এবং আহতেরা সকলেই হিমাচলের বাসিন্দা।