গঙ্গাসাগরে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে এক মহিলা বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রামকরচর গ্রাম পঞ্চায়েতের ৭৬ নম্বর বুথ এলাকায়। আক্রান্তের নাম প্রমিলা বেড়া (৬৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নিজের বাড়ির উঠোনে কাজ করছিলেন প্রমিলা দেবী। অভিযোগ, সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি পরিবারের। মহিলার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
আক্রান্ত মহিলা এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা চালিয়েছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক বিবাদ, যার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। বিজেপি ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে রাজনৈতিক রং দিচ্ছে বলেও অভিযোগ শাসকদলের।
এই ঘটনায় সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।