'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ’, মন্তব্য ট্রাম্পের দূতের
জম্মু ও কাশ্মীর ভারতের আবিচ্ছেদ্য অংশ। দীর্ঘদিন ধরে এই বিষয়ে জোরাল সওয়াল করে আসছে নয়াদিল্লি। এবার কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে সেই দাবিকে মান্যতা দিলেন মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর। বুধবার ভূস্বর্গ সফরে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিল এবং পহেলগাঁও হামলার পরে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে এটিই প্রথম কোনও শীর্ষ মার্কিন প্রতিনিধির একক সফর। গোর বলেন, “এখানে আসতে পেরে ভালো লাগছে। এটি (জম্মু ও কাশ্মীর) ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি এখানে প্রথমবার এসেছি। জায়গাটি অত্যন্ত সুন্দর।” উল্লেখ্য, অর্ধশতকের বেশি সময় ধরে কাশ্মীরে উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে পাকিস্তান। এই অবস্থায় গোরের মন্তব্য বিশ্ব পর্যায়ে ভারতের স্বপক্ষে ইতিবাচক বার্তা। অন্যদিকে কূটনৈতিক চাপে পাকিস্তান।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছের লোক হিসাবে পরিচিত সের্গিও গোর। এদিন তিনি আশ্বাস দেন, জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা শিথিল করার বিষয়টি আমেরিকা পুনর্বিবেচনা করবে। উল্লেখ্য, সন্ত্রাসবাদের আশঙ্কার কারণে আমেরিকা কাশ্মীর উপত্যকায় মার্কিন নাগরিকদের ‘লেভেল ৪’ বা ‘ভ্রমণ না করার’ নির্দেশিকা বলবৎ রেখেছে। বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “হোয়াইট হাউসের সুপারিশক্রমে যে ভ্রমণ সতর্কতা জারি হয়েছে, তা শিথিল করা উচিত কি না— আমরা বিষয়টি খতিয়ে দেখব। যেহেতু এলাকাটিকে আরও নিরাপদ ও সুরক্ষিত রাখার ক্ষেত্রে অসাধারণ সব পদক্ষেপ নেওয়া হয়েছে।”