কালিয়াচকে প্রকাশ্যে গুলি, দুই যুবককে খুনের চেষ্টা; চাঞ্চল্য এলাকায়
মালদা: দিনদুপুরে দুষ্কৃতীদের দাপটে রক্তাক্ত ঘটনা কালিয়াচকে। প্রকাশ্যে গুলি চালিয়ে খুনের চেষ্টা করা হল দুই যুবককে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে রাহমাতুল্লা সেখ (প্রায় ৩০) ও এনামূল (প্রায় ৩১)-কে। তাঁদের বাড়ি মজমপুরের হারুচক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই একদল সশস্ত্র দুষ্কৃতী এলাকায় ঢুকে পড়ে এবং লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুই যুবক। ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
গুলিচালনার পর দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় একটি মোটরসাইকেল ফেলে রেখে যায় তারা, যা ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে।
প্রাথমিক তদন্তে অনুমান, জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এই হামলা হতে পারে। জানা গিয়েছে, রাহমাতুল্লা সেখের বালিয়াডাঙ্গায় একটি বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেই এই দুঃসাহসিক হামলা বলে সন্দেহ পুলিশের।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর এমন প্রকাশ্য গুলিচালনার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
ইতিমধ্যেই কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের চিহ্নিত করতে তল্লাশি চলছে এবং এই ঘটনার পেছনে বড় কোনও চক্র জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।