কালবৈশাখীর দাপটে স্বস্তি, দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Apr 9, 2026 - 08:20
 15
কালবৈশাখীর দাপটে স্বস্তি, দক্ষিণবঙ্গে  ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: এপ্রিলের শুরুতেই ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়েছিল রাজ্যবাসী। সেই পরিস্থিতিতে বড় স্বস্তি এনে দিল কালবৈশাখী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনে মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গ জুড়ে, যার জেরে একধাক্কায় অনেকটাই কমে যায় তাপমাত্রা।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে, যা ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবেই রাজ্যের আবহাওয়ায় দুর্যোগের সম্ভাবনা বেড়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বুধবারও দিনের শুরুতে আকাশ থাকবে মেঘলা। বেলা বাড়ার সঙ্গে হালকা রোদ দেখা গেলেও বিকেলের পর থেকেই আবার মেঘ জমবে এবং শুরু হতে পারে বৃষ্টি।

হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

সব মিলিয়ে, তীব্র গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিললেও, ঝড়-বৃষ্টি এবং দুর্যোগের সম্ভাবনায় সতর্ক থাকতে বলছেন আবহাওয়াবিদরা।