কানাডার স্কুলে বন্দুকবাজের হামলায় শোকপ্রকাশ মোদির
বুধবার সকালে কানাডার স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ১০ জনের। ‘ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় মর্মাহত’, শোকপ্রকাশ করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়া পোস্টে মোদি লিখেছেন, “কানাডায় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গভীর শোকের এই মুহূর্তে ভারত কানাডার জনগণের পাশে আছে।” প্রসঙ্গত, বুধবার সকালেই ক্লাস চলাকালীন কানাডার টাম্বলার রিজ এলাকার একটি স্কুলে ঢুকে পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় এক আততায়ী। এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ২৫ জন। পুলিশের জবাবি হামলায় আততায়ীর মৃত্যু হয়েছে।তবে কে বা কারা কী উদ্দেশে এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, পালটা জবাবে এক সন্দেহভাজনের মৃত্যু হয়েছে।

