কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা, অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলার্স ক্লাব রুমে অধিবেশন তৃণমূল কাউন্সিলারদের
কলকাতা পুরসভায় ঘটল এক নজিরবিহীন ঘটনা। পুরসভার মূল অধিবেশন কক্ষ তালাবন্ধ থাকায় এবার কাউন্সিলার্স ক্লাব রুমেই বসানো হল মাসিক অধিবেশন। এই প্রথমবার মূল অধিবেশন কক্ষের বাইরে পুরসভার অধিবেশন অনুষ্ঠিত হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, চেয়ারপার্সন মালা রায়ের নির্দেশে কাউন্সিলার্স ক্লাব রুমে এই অধিবেশন আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা।
এই ঘটনাকে কেন্দ্র করে আরও একবার প্রকাশ্যে চলে এল কলকাতা পুরসভার অন্দরের টানাপোড়েন। অভিযোগ, চেয়ারপার্সনের নির্দেশ থাকা সত্ত্বেও মূল অধিবেশন কক্ষ খোলা হয়নি। এই নিয়ে সরাসরি পুর কমিশনার স্মিতা পাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের অভিযোগ, মেয়র ফিরহাদ হাকিম এবং পুর কমিশনার স্মিতা পাণ্ডের মধ্যে চলা প্রশাসনিক দ্বন্দ্বের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অধিবেশন কক্ষ বন্ধ থাকাকে কেন্দ্র করে পুরসভায় কার্যত অচলাবস্থার পরিবেশ তৈরি হয়।