কমনওয়েলথে নামবেন, ভাবতেই পারেননি নীরজ
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে রুপো জিতেছেন নীরজ চোপড়া। কিন্তু তিনি যে এই প্রতিযোগিতায় নামতে পারবেন, সেটা ভাবতেই পারেননি। কী ভাবে চোট সারিয়ে ফিরলেন সেই গল্প শোনালেন নীরজ।ইনস্টাগ্রামে একটি ভিডিয়োবার্তায় নীরজ জানিয়েছেন, গত ১০ মাস তাঁর কাছে কতটা কঠিন ছিল। তিনি বলেন, “কখনও কখনও জ্যাভলিন অনেকটা দূরে যেত। আবার কখনও মনে হত, শরীর টেনে নিয়ে যেতে পারছি না। কষ্ট হত। গত ১০ মাস যে ভাবে কেটেছে, তা আমিই জানি। এতগুলো চোট থেকে ফিরে যে আবার শরীর ছন্দ পাবে তা বুঝতে পারিনি। এই বছর যে কোনও প্রতিযোগিতায় নামতে পারব, তা ভাবতেই পারিনি। শুধু অনুশীলন করে গিয়েছি। তার ফল পেয়েছি।” প্রত্যাবর্তনের জন্য নিজের কোচ জয় চৌধরী, ফিজ়িয়ো ঈশান মারওয়াহকে ধন্যবাদ জানিয়েছেন নীরজ। তিনি বলেন, “আবার ফিরতে পেরে ভাল লাগছে। একাই পারতাম না।যাঁরা আমার উপর বিশ্বাস হারাননি তাঁদের ধন্যবাদ। আমার ফিজ়িয়ো ঈশান দিনরাত আমার সঙ্গে থেকেছেন। ধীরে ধীরে আমাকে সুস্থ করে তুলেছেন।” নীরজের সংযোজন, “আমার কোচ জয় স্যরকেও ধন্যবাদ দেব। যে দিন প্রথম জ্যাভলিন ধরেছিলাম, সে দিন থেকে উনি আমার সঙ্গে রয়েছেন। উনি আমার পরিবারের মতো। যে পরিস্থিতিই হোক না কেন, স্যর আমার আত্মবিশ্বাস কমতে দেননি। যত কোচের সঙ্গেই কাজ করি না কেন, স্যর সব সময় আমার সঙ্গে থাকেন।” কমনওয়েলথে অবশ্য সোনা জিততে পারেননি নীরজ। ৮৫.৮৩ মিটার জ্যাভলিন ছুড়ে রুপো জিতেছেন। সোনা জিতেছেন শ্রীলঙ্কার রুমেশ থরঙ্গা পাথিরাগে। ব্রোঞ্জ জিতেছেন ভারতেরই যশবীর সিংহ। তবে আগের বছর তাঁর যা কেটেছে, তার থেকে ভাল দেখাচ্ছে নীরজকে। দু’বছর পর লস অ্যাঞ্জেলেসে হবে অলিম্পিক্স। হয়তো শেষ বার ভারতের হয়ে নামবেন নীরজ। কমনওয়েলথ জিতে তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতের সোনার ছেলে।