এসএসকেএম হাসপাতালে গ্যাস্ট্রো ওপি ডিতে ঝুলন্ত দেহ উদ্ধার, সাফাই কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য
এসএসকেএম হাসপাতালের মেন ব্লকের উল্টো দিকে গ্যাস্ট্রো ওপি ডি বিভাগের ৪ তলার ৮ নম্বর ঘর থেকে এক সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা নাগাদ কর্মীরা ওই ঘরে ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পান।
মৃতের নাম ইমরান সর্দার (২২)। তিনি এসএসকেএম হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক সাফাই কর্মী হিসেবে কাজ করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিয়ে চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
একই সঙ্গে হাসপাতালের ভিতরে এমন ঘটনা কীভাবে ঘটল, তার পিছনে অন্য কোনও কারণ বা চাপ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।