উজবেকিস্তান ও কিরগিজস্তান সফরে প্রধানমন্ত্রী মোদি

Aug 30, 2026 - 10:09
 4
উজবেকিস্তান ও কিরগিজস্তান সফরে প্রধানমন্ত্রী মোদি

শনিবার উজবেকিস্তান ও কিরগিজস্তানের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আশা, এই সফর মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে। রওনা হওয়ার আগে মোদি জানিয়েছেন, ‘‘২০১৭ সাল থেকে ভারত এসসিও-র এক সক্রিয় ও গঠনমূলক সদস্য হিসেবে ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তা, সংযোগ এবং সুযোগ— এই তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে ওঠা ভারতের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার বিষয়ে আমি আশাবাদী। একই সঙ্গে, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার মতো যেসব বিষয় আমাদের পার্শ্ববর্তী অঞ্চল ও তার বাইরের শান্তি ও স্থিতিশীলতাকে প্রতিনিয়ত আশঙ্কার মুখে ফেলছে, সেগুলোর কবল থেকে মুক্ত করে এক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে আমি সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে চাই।” জানা গিয়েছে, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে প্রধানমন্ত্রী শাস্ত্রী মেমোরিয়াল এবং তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী সেন্টার পরিদর্শন করবেন মোদি। উল্লেখ্য, এটাই প্রধানমন্ত্রী হিসেবে মোদির চতুর্থ উজবেকিস্তান সফর। শেষবার ২০২২ সালে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি সেদেশে গিয়েছিলেন। এরপর তিনি কিরগিজস্তানের বিশকেকে যাবেন। সেখানে তিনি ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।প্রসঙ্গত, এর আগে মোদি গিয়েছিলেন ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। ৬ থেকে ১১ জুলাই পর্যন্ত ছিল সেই সফরের সময়কাল। এই সফরটির মূল লক্ষ্য ছিল ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করা। এবার ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী।