ইস্তফা দিলেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া
ইস্তফা দিলেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। দলের ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব ছাড়লেন তিনি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল বেলজিয়াম।রবিবার রাতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। সোমবারই তাদের কাছে হেরে ছিটকে যাওয়া বেলজিয়ামের কোচ দায়িত্ব ছাড়লেন। ফরাসি কোচ ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ৬২ বছরের কোচ। ৩১ জুলাই পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল বেলজিয়ামের ফুটবল সংস্থার। তার আগেই সরে গেলেন গার্সিয়া। যদিও ২০১৮ সালের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার পর এ বারের কোয়ার্টার ফাইনালেও ওঠাই ছিল কোনও বড় প্রতিযোগিতায় বেলজিয়ামের সেরা পারফরম্যান্স।ইস্তফার সিদ্ধান্ত জানিয়ে গার্সিয়া বলেছেন, ‘‘বেলজিয়ামের ফুটবল কর্তাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। গত ১৮ মাসের এই সুন্দর যাত্রা আর দীর্ঘায়িত করতে চাইনি। আমি বেলজিয়ামকে নেশন্স লিগের সর্বোচ্চ পর্বে এবং বিশ্বের সেরা আটটি দলের মধ্যে রেখে যাচ্ছি। এই দলের দুর্দান্ত ফুটবলার, অন্য সাপোর্ট স্টাফ এবং সমর্থকদের ধন্যবাদ। আগামী দিনে বেলজিয়ামের সাফল্যের জন্য শুভেচ্ছা থাকল। প্রজন্ম পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ঠিক পথেই এগোচ্ছে বেলজিয়ামের ফুটবল।’’ দেশের ফুটবলে ইতিবাচক অবদান রাখার জন্য গার্সিয়াকে ধন্যবাদ জানিয়েছেন রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারাও। অতীতে রোমা, মার্সেই , নাপোলির মতো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গার্সিয়ার।