‘আমার ইনস্টা অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করা হচ্ছে’! অভিযোগ কেজরীর
মেটা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছে— এমনটাই অভিযোগ তুললেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রাজনৈতিক চাপের কারণেই মেটা এমনটা করছে বলে অভিযোগ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিয়ো পোস্ট সাময়িক ভাবে ফেসবুক থেকে মুছে দিয়েছিল মেটা। তা নিয়ে বিতর্কের আবহে ইতিমধ্যে ক্ষমা চেয়েছে প্রযুক্তি সংস্থা। মেটার জননীতি বিভাগের প্রধান জোয়েল কাপলান বুধবারই জানিয়েছেন, তাঁদের ভুল হয়েছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মেটার বিরুদ্ধে অভিযোগ তুললেন আপ প্রধান।বৃহস্পতিবার সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্টেটাসের স্ক্রিনশট এক্স হ্যান্ডলে পোস্ট করেন কেজরিওয়াল।সেখানে লেখা রয়েছে ‘রিভিউ রেসট্রিকশন্স অন ইওর অ্যাকাউন্ট’। পাতার একদম নীচে লেখা, ‘আনঅ্যাভেলেবল ইন সাম লোকেশন্স’।
ওই স্ক্রিনশটটি এক্স হ্যান্ডলে পোস্ট করে মেটা কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চেয়েছেন কেজরিওয়াল।মেটা-কে ট্যাগ করে আপ প্রধানের প্রশ্ন, “আপনারা কেন আমার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করে রেখেছেন? আপনাদের ভারতের অফিস থেকে মৌখিক ভাবে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়েছে। তাতে জানতে পারি, ভারতে আমার অ্যাকাউন্টটি সীমিত করে দেওয়া হয়েছে। ভারতে এটি ‘আনঅ্যাভেলেবল’ হয়ে গিয়েছে। কেন এমন হল? আপনাদের অফিসের কেউই এ বিষয়ে কোনও কারণ ব্যাখ্যা করছেন না। কী ভাবে বিধিনিষেধ সরানো যাবে, তা নিয়েও কেউ কিছু বলছেন না।” মেটা কর্তৃপক্ষের পরিষেবা নিয়েও উষ্মাপ্রকাশ করেছেন আপ প্রধান। কেজরীর কথায়, “খুবই বাজে পরিষেবা।” তিনি লেখেন, “যতবারই ইমেল করেছি, প্রাপ্তিস্বীকার ছাড়া আর কোনও জবাব আসেনি।” এর পরেই গোটা ঘটনায় রাজনৈতিক চাপের অভিযোগ তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে বিঁধে মেটার উদ্দেশে তিনি লিখেছেন, “আমাদের প্রধানমন্ত্রীর কাছে এতটা মাথা নত করবেন না। না হলে দেখবেন হয়তো তিনি ভারতে শুধু তাঁর নিজের অ্যাকাউন্টটিই আপনাদের দিয়ে চালাচ্ছেন।” যদিও এই অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্র বা মেটা কর্তৃপক্ষ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি।